UP poll 2022: নিজের কেন্দ্রেই ভোটের আগে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, চাপ বাড়ছে যোগীর
UP poll 2022: নিজের কেন্দ্রেই ভোটের আগে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, চাপ বাড়ছে যোগীর
বিজেপি শাসিত রাজ্যেই বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। যোগীর রাজ্যে নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়লেন বিক্রম সিং সাইনি। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মুজফফর নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। সেখানে জনসভা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু মাঝ পথে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক ভাবেই ভোটের আগে এই ঘটনায় চাপ বেড়েছে বিজেপি শিবিরে।

নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে বিধায়ক
নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। তাও আবার ভোটের হাতে গোনা কয়েকটা দিন আগে। মুজফফর নগরের খাটউলিতে বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি গিয়েছিলেন প্রচারের কাছে। সেখানে পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ধরে উত্তেজিত জনতা। গ্রামবাসীরা রীতি মত লাঠি হাতে নিয়ে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকী বিধায়কের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা গিয়েছে গ্রামবাসীদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

কী দেখা গেছে ভিডিওতে
ভিডিওতে দেখা গিয়েছে এক দল গ্রামবাসী বিধায়কে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। স্লোগান দিচ্ছেন বিধায়কের বিরুদ্ধে। তারপরে দেখা গিয়েছে হাতজোড় করে সেখান গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইছেন বিধায়ক। এবং গ্রামে না ঢুকেই শেষ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে গ্রাম থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কৃষি আইন নিয়ে যে আন্দোলন চলছিল উত্তর প্রদেশে। এই বিক্ষোভের নেপথ্যে সেই ঘটনা জড়িত রয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে এসে পড়ায় যে বিজেপির চাপ বেড়েছে তােত কোনও সন্দেহ নেই।

বিতর্কিত নেতা বিক্রম সিং
বিজেপি বিধায়ক বিক্রম সিং একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। ২০১৯ সালে তিনি বলেছিলেন যাঁরা ভারতে বসবাস করতে ভীত বোধ করছেন তাঁদের বোমা মেরে উড়িয়ে দেওয়া উচিত। তার পরে আবার তিনি বলেছিলেন এই দেশের নাম হিন্দুস্তান অর্থাৎ হিন্দুদের দেশ। এখানেই থামেননি বিধায়ক, যাঁরা গো হত্যা করেন তাঁদের মেরে হাঁটু ভেঙে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।

দল ছাড়ছেন বিজেপি বিধায়করা
ভোটের দিন ঘোষণা হতেই যোগী সরকারের চাপ বাড়তে শুরু করেছে। একের পর এক বিজেপি বিধায়করা দল ছাড়তে শুরু করে দিয়েছেন। তাঁদের অনেকেই আবার সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। যদিও গতকাল মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদবকে বিজেপিতে যোগদান করিয়ে বড় চমক দিয়েছেন যোগী। একাধিক ভোট সমীক্ষা বলছে এবার উত্তর প্রদেশে বিজেপির ভোট কমবে। আসন সংখ্যাও অনেকটাই কমবে।












Click it and Unblock the Notifications