ফের চোখ মারলেন রাহুল! এক ইশারাতেই মুছল সব ভেদাভেদ, উঠল হাসির রোল
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গনের পর নিজের আসনে বসেই কংগ্রেস সাংসদের দিকে চেয়ে চোখ মেরেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তা নিয়ে এখনও চর্চা চলছে।
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গনের পর নিজের আসনে বসেই কংগ্রেস সাংসদের দিকে চেয়ে চোখ মেরেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তা নিয়ে এখনও চর্চা চলছে। মোদী সুযোগ পেলেই রাহুলকে কাঠগড়ায় তুলে বলছেন, ওই চোখ মারার ঘটনাই প্রমাণ করে রাহুলের বালখিল্যতা। সেই বিতর্কের মাঝেই ফের চোখে মেরে ইশারা রাহুলের। সোশ্যাল মিডিয়া ফের উত্তাল রাহুলের সেই চোখের চাউনিতে।

চোখের ইশারাই অনেক কিছু বলে গেল
লোকসভার পর এবার রাজস্থানে গিয়ে ফের চোখের ইশারায় বাজিমাত করলেন রাহুল। এবার কাকে উদ্দেশ্য করে চোখের ইশারা, কেনই বা ইশারা তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এবার রাজস্থানের প্রদেশ সভাপতি সচিন পাইলটকে উদ্দেশ্য করে তিনি চোখ মারেন বলে জানা গিয়েছে। চোখের ইশারায় তিনি বলতে চেয়েছেন, বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলটকে আলিঙ্গন করার কথা।

জয়পুরের জনসভায় সচিনকে বার্তা
রাজস্থানের নির্বাচনী প্রচারে শনিবার জয়পুরে রোড শো করেন রাহুল গান্ধী। তারপর তিনি জয়পুরে একটি জনসভায় বক্তব্য রাখেন। সেই সভাতেই রাহুল গান্ধী সচিন পাইলটকে চোখ মারলেন। প্রথমে তিনি বুঝতে পারেননি, কংগ্রেস সভাপতি তাঁকে কী ইঙ্গিত করছেন। পরক্ষণেই বুঝতে পেরে অশোক গেহলটকে আলিঙ্গন করেন। আলিঙ্গন করেন রাহুল গান্ধীও।

লোকসভায় জ্যোতিরাদিত্য, জয়পুরে সচিন
লোকসভার অনাস্থা বিতর্কে চলাকালীন মোদীকে আলিঙ্গন করে নিজদের আসনে বসার পর সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে উদ্দেশ্য করে চোখ মেরেছিলেন রাহুল গান্ধী। তারপর রাহুলের সেই চোখের ইশারাকে প্রিয়া প্রকাশের সঙ্গেও তুলনা করা হয়েছিল। সোশাল মিডিয়ায় বিতর্ক, সমালোচনা, প্রশংসা সবরকম ইঙ্গিতই স্পষ্ট হয়ে উঠেছিল।

সভাপতি তো কী! চোখের ইশারাই সব
আবারও সেই বিতর্ক উসকে দিলেন রাহুল গান্ধী। তিনি নিজেকে যেমন তাঁর সমসাময়িক নেতাদের কাছে বন্ধুবৎসল মনোভাব বজায় রাখার চেষ্টা করছেন, তেমনই প্রবীণদের সম্মান প্রদর্শন করতে আলিঙ্গন করতে নির্দেশ দিচ্ছেন। আবার পাল্টা সমালোচনাও হচ্ছে যে, কংগ্রেসের সভাপতি তিনি, তাঁর কি এসব মানায়!

অন্দরের কলহ নিমেষে সাফ
তবে রাহুল আছেন রাহুলেই। তিনি যে বস নন, তিনি সকলের নয়নের মণি হয়ে উঠতে চান, সকলকে ভালোবেসে, তাদের মতো করে মিশে, তা বুঝিয়ে দিচ্ছেন রাহুল গান্ধী। লোকসভার পর রাজস্থানের মঞ্চে চোখের ইশারায় তিনি সেই বার্তাই দিলেন, যতই সমালোচনা হোক, তিনি কোনও ভুল করছেন না। বরং দলের অন্দরে ভেদাভেদ ঘুচিয়ে দিচ্ছেন হাসিখুশিতে।

ভেদাভেদ মুছল জাদু কা ঝাপ্পিতে
দীর্ঘদিন রাজস্থানে ক্ষমতায় নেই কংগ্রেস। এবার রাজস্থানে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসার প্রভূত সম্ভাবনা রয়েছে। কিন্তু বাধা একটাই দলের অন্তর্কলহ। সেই অন্তর্কলহ মেটাতে রাহুল চোখের ইশারাতেই কাজ সারলেন। সচিন পাইলট ও অশোক গেহলটকে আলিঙ্গনে বাধ্য করালেন। দুইপক্ষকে একজোট হওয়ার বার্তা দিলেন। এদিনের এই দৃশ্যে নেতাদের মধ্যে হাসির রোল ওঠে।












Click it and Unblock the Notifications