তৃণমূলের 'খেলা শেষ' করে ত্রিপুরায় ক্লিন সুইপ বিজেপির! জয় ৯৯% আসনে
তৃণমূলের 'খেলা শেষ' করে ত্রিপুরায় ক্লিন সুইপ বিজেপির! জয় ৯৯% আসনে
ত্রিপুরায় পুরসভা এবং নদর পঞ্চায়েতের ৩৩৪ টি আসনের মধ্যে ৩২৯ টি আসনে জয় বিজেপির। তিনটি আসন পেয়েছে সিপিএম, একটি তৃণমূল এবং একটি তিপ্রামাথা। শতাংশের নিরিখে বিজেপি ৯৯% আসন দখল করেছে। এই জয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য বলেছেন এটা শুরু মাত্র। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করে বলা হয়েছে, তারাই এখন রাজ্যের বিরোধী শক্তি। নৈরাজ্যের অবসান তারা ঘটাবেই।

আগরতলায় ৫১ টি আশনেই জয় বিজেপির
ত্রিপুরায় ক্লিন সুইপ বিজেপির। আগরতলা পুর কর্পোরেশনের নির্বাচনে ৫১ টি আসনেই জয় পেয়েছে তারা। এছাড়াও ১৩ টি মিউনিসিপ্যাল কাউন্স্লির এবং ছটি নগর পঞ্চায়েতের সবকটিতেই জয়ী হয়েছে তারা। সব মিলিয়ে ৩৩৪ টি আসনের মধ্যে ১১২ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছিল। এবার বাকি আসনগুলির মধ্যে মাত্র পাঁচটি বিরোধীরা পেয়েছে। এর মধ্যে সিপিএম পেয়েছে তিনটি আসন, তৃণমূল পেয়েছে একটি এবং তিপ্রামাথা পেয়েছে ১ টি আসন। এদিন গণনার শুরু থেকেই প্রায় সব জায়গাতেই বড় ব্যবধানে এগিয়েছে বিজেপি।

ধাক্কা সুদীপ রায় বর্মণের
তবে নির্বাচনে কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন ত্রিপুরার বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মন। তাঁর ঘনিষ্ঠকে আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু ওই তৃণমূল প্রার্থী তৃতীয় স্থানে চলে গিয়েছেন।

আক্রমণ অমিত মালব্যের
এদিন বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন হিংসা ও ভয় দেখানোর রাজনীতির একটা সেলফ লাইফ রয়েছে। তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনৈতিক অপমান অপেক্ষা করছে, শুধু বাংলার বাইরে নয়, বাংলাতেও। ত্রিপুরায় সবে শুরু হয়েছে।
অপর একটি টুইটে তিনি বলেছেন, ত্রিপুরায় স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। তারপরেই তিনি বিরোধী ছাড়াও সংবাদ মাধ্যমের একাংশকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, সব ধরনের যড়যন্ত্র, ধর্মীয় উত্তেজনার ভুল ব্যাখ্যা বিজেপির এই জয়ে ধুলোয় মিশে গিয়েছে।

ত্রিপুরায় শক্তিশালী বিরোধী তৃণমূল
অন্যদিকে ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে, এই নির্বাচনের পরে তৃণমূল শক্তিশালী বিরোধী রূপে আত্মপ্রকাশ করেছে। বিজেপির মতো মত প্রকাশ করে তারা বলেছে, এটা সবে শুরু মাত্র। ত্রিপুরা তৃণমূলের তরফ থেকে ত্রিপুরাবাসী, মা ত্রিপুরেশ্বরীকে ধন্যবাদ জানানো হয়েছে আশীর্বাদ দেওয়ার জন্য। তারা বলেছে, কারচুপি, হুমকি, হিংসা সত্ত্বেও তারা রাজ্যের শক্তিশালী বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা দাবি করেছে, বিজেপির নির্মম নৈরাজ্যের অবসান তারা ঘটাবেই।












Click it and Unblock the Notifications