বিজয় রূপানিকে মুখ্যমন্ত্রী করে ভোটের মুখে ঠ্যালা সামলাতে হিমশিম বিজেপি
মেয়র থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজয় রূপানি। ফলে অন্য মেয়ররাও এখন বিধানসভা ভোটে লড়তে আবেদন জানাচ্ছেন বিজেপি নেতৃত্বে কাছে।
নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের সময় ২০১৪ সালে গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে এলে তার জায়গায় দায়িত্ব সামলান আনন্দীবেন প্যাটেল। তারপরে গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হয় বিজয় রূপানির হাতে। আর সেখানেই যে গোল বেঁধেছে তা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসে টের পাচ্ছে বিজেপি।

এর আগে রাজকোটের মেয়র ছিলেন রূপানি। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর চেয়ার হাঁকিয়ে বসেছেন। যা দেখে উৎসাহিত হয়ে আহমেদাবাদ, ভদোদরা, রাজকোট, জুনাগড়ের মেয়ররা বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছেন। মনে মনে ইচ্ছে, কোনওভাবে বিধায়ক পদ পেয়ে দলে সুপারিশ করে মন্ত্রিত্ব জুটিয়ে ফেলা যদি যায় তাহলে মন্দ কি।
শুধু বিভিন্ন শহরের মেয়ররাই নন, পুর পিতারাও বিধানসভা ভোটে দাঁড়াতে চেয়ে আবেদন করছেন। আহমেদাবাদের মেয়র গৌতম শাহ নারায়ণপুর অথবা এল্লিসব্রিজ এলাকা থেকে দলকে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন। আর এক মেয়র কানাজি ঠাকোর পূর্ব আহমেদাবাদের আসন চেয়েছেন। এরকম তালিকায় আরও অনেকেই রয়েছেন।
রাজকোটের বর্তমান মেয়র জয়মিন উপাধ্যায় জানিয়েছেন, তিনি আবেদন করেননি দলের কাছে। তবে টিকিট পাবেন বলে আশাবাদী। দল সুযোগ দিলে দায়িত্ব পালন করবেন। ভাবনগরের মেয়র নিমুবেন বমভানিয়াও একই কথা জানিয়েছেন। তিনিও বিধানসভা ভোটে লড়তে চান, দলের নেতৃত্বে দিকে সকলে তাকিয়ে রয়েছেন।












Click it and Unblock the Notifications