বারামুল্লার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, জেনে নিন সমস্ত আপডেট
শ্রীনগর, ৩ অক্টোবর : উরির পরে ফের একবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা চালাল সন্ত্রাসবাদীরা। সেনাবাহিনী ও সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-র দুটি ক্যাম্পে হামলা চালানো হয়েছে। রবিবার রাতের এই হামলায় এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন এক জওয়ান। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা? জেনে নিন]
জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লায় এই জঙ্গি হামলা হওয়ায় স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই হামলা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবার জেনে নিন একনজরে। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

- রবিবার রাতে বিএসএফ ক্যাম্পের সংলগ্ন ৪৬ রাজস্থান রাইফেল ক্যাম্পে ঢুকে পড়ে জঙ্গিরা। ডাঁই করা গ্রেনেডের উপরে ফায়ার করে তারা।
- এরপরই সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। ঘটনায় ১ বিএসএফ জওয়ান শহিদ হন, একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি।
- শহিদ জওয়ানের নাম নিতিন। সে কনস্টেবল পদাধিকারী ছিল। এবং আহত জওয়ানের নাম পুলবিন্দর। সেও কনস্টেবল পদমর্যাদার। এরা দুজনেই বিএসএফের ৪০তম ব্যাটেলিয়নের সদস্য।
- বারামুল্লায় এই সেনা-জঙ্গি লড়াইয়ে অন্তত ২জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে জানা গিয়েছে।
- বারামুল্লা থেকে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের দূরত্ব খুব বেশি নয়। আবার এর আগে উরিতে সেনা ছাউনিতে যে হামলা হয়েছে যেখানে ১৮ জন জওয়ান শহিদ হয়েছেন, সেটিও এর থেকে অদূরে অবস্থিত।
- জঙ্গি হামলার খবর পাওয়ার পর থেকেই বিএসএফের উচ্চ পদমর্যাদার আধিকারিকেরা ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছেন।
- গোটা বারামুল্লা এলাকা এমনকী জম্মু ও কাশ্মীরেরে সীমান্তের নানা জায়গা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন গোয়েন্দারা। তবে মাঝরাতের পর থেকে কোনও গোলাগুলির শব্দ শোনা যায়নি।
- উরির হামলার পর থেকেই কেন্দ্র জঙ্গি হামলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। জঙ্গিদের শিক্ষা দিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়েও দেওয়া হয়েছে। এদিনের হামলার পরে বিএসএফের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে বিস্তারিত জানানোও হয়েছে।
- খবর পাওয়ার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামিদিনে কী করতে হবে সে বিষয়ে তাঁরা সেনাদের নির্দেশ দিয়েছেন।
- উরি হামলার ঠিক ২ সপ্তাহের মাথায় বারামুল্লায় সেনা ঘাঁটিতে হামলা চালাল জঙ্গিরা। গত বুধবার রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল অ্যাটাকের ৪দিনের মাথায় এই হামলা চালানো হল।












Click it and Unblock the Notifications