উত্তরপ্রদেশের 'অ্যান্টি রোমিও স্কোয়াড' এর পর হরিয়ানায় তৈরি 'দুর্গা বাহিনী'
উত্তরপ্রদেশের পর প্রতিবেশী হরিয়ানায় আর এক বিজেপি শাসিত রাজ্যে তৈরি হল আর একটি বাহিনী। তার নাম দুর্গা বাহিনী।
চণ্ডীগড়, ১৪ এপ্রিল : উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার আসার পর তৈরি হয়েছে 'অ্যান্টি রোমিও স্কোয়াড'। তা নিয়ে নানা বিতর্ক অব্যাহত। এবার প্রতিবেশী হরিয়ানায় আর এক বিজেপি শাসিত রাজ্যে তৈরি হল আর একটি বাহিনী। তার নাম দুর্গা বাহিনী।
এই পুলিশ স্কোয়াড রাস্তাঘাটে, জনবহুল এলাকায় মহিলাদের নানা জুলুমের শিকার হওয়া থেকে রক্ষা করবে, নিগ্রহ থেকে বাঁচাবে। এবং চালু হওয়ার একদিনের মধ্যে ৭২ জনকে গ্রেফতারও করা হয়ে গিয়েছে।

যদিও হরিয়ানার মন্ত্রী অনিল বীজ জানিয়েছেন, 'অ্যান্টি রোমিও স্কোয়াড' এর সঙ্গে দুর্গা বাহিনীর কোনও মিল নেই। এর মূল উদ্দেশ্য হল ইভটিজিং বন্ধ করা। এবং কোনও নিরপরাধ যাতে হয়রান না হয় সেটাও দেখতে বলা হয়েছে।
রাজ্য সরকারের তরফে প্রতিটি জেলায় মহিলা পুলিশ স্টেশন তৈরি করে মহিলাদের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে সরকারি তরফে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের পর হরিয়ানার মতো আর এক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের সরকারও রোমিও বাহিনীকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications