বিমানবন্দরের পর এবার ৫০টির বেশি হাসপাতালে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল! হাই অ্যালার্ট মুম্বইয়ে
সারা দেশে ফোন করে বোম রাখা বা বিস্ফোরণের হুমকি অব্যাহত। এবার সেই তালিকায় নাম জুড়ল বাণিজ্য নগরী মুম্বইয়ের। এদিন মুম্বইয়ের ৫০টির বেশি হাসপাতাল বোমা সংক্রান্ত হুমকি ইমেল পেয়েছে। যার মধ্যে জসলোক হাসপাতাল, রহেজা হাসপাতাল, সেভেন হিল হাসপাতাল, জেজে হাসপাতাল, সেন্ট জর্জ হাসপাতালের মত বহু নামী হাসপাতালগুলি রয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করে এই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুম্বই পুলিশ ঘটনা জানার পরেই তদন্তে নেমেছে। তবে ঠিক কী কারণে এবং কারা এই হুমকি মেল পাঠিয়েছে তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

পুলিশ গোটা শহর জুড়ে তদন্তের জাল বিছিয়েছে। ইমেলের সূত্র ধরে অপরাধীর তথ্যতালাশ করার প্রক্রিয়া চলছে। হাসপাতালগুলির এবং রোগীদের যাতে কোনওরকম অসুবিধা বা ক্ষতি না হয় তা সর্বপ্রথম নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ। প্রতিটি হাসপাতালে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এর পাশাপাশি জানা গিয়েছে, এদিন সারাদেশের ৪১ টি বিমানবন্দরে এমন বোমা রাখার হুমকি মেল এসেছে। যার ফলে প্রত্যেকটি বিমানবন্দরে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে জানা গিয়েছে, এই প্রত্যেকটি ইমেলই ভুয়ো ইমেল ছিল। তবে কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা পুলিশ অনুসন্ধানের চেষ্টা করছে।
কেএনআর নামে একটি গোষ্ঠী এর আগে মে মাসে দিল্লি এবং এনসিআর এলাকার স্কুলগুলিতে এমন ধরনের ইমেল পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। স্কুল হোক অথবা বিমানবন্দর, এমনকী হাসপাতাল- প্রত্যেকটি জায়গাতেই মেল করে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে বলে ভয় ধরানো বার্তা পাঠানো হয়েছে। আরও বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই বোমা বিস্ফোরণ হবে এবং প্রত্যেকে মারা যাবেন। এমন ধরনের ঘটনা জানতে পারলে স্বভাবতই আতঙ্ক ছড়ায়। এদিন বিমানবন্দরগুলিতে বোমাতঙ্ক ছড়ানোয় অনেক বিমান উড়ানে বিলম্ব হয়েছে। তবে শুধু এদিন মঙ্গলবার নয়, সোমবারও এমন ধরনের বোমা রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। যদি এখনো পর্যন্ত সমস্ত হুমকি ভুয়ো বলে তদন্তে উঠে এসেছে।












Click it and Unblock the Notifications