সমীর ওয়াংখেড়ের পর এবার দেবেন্দ্র ফড়নবীশকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ নবাব মালিকের
সমীর ওয়াংখেড়ের পর এবার দেবেন্দ্র ফড়নবীশকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ নবাব মালিকের
আবারও চাঞ্চল্যকর দাবি করে বসলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এনসিপি নেতা টুইটারের একটি ছবি টুইট করেছেন, যেখানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অম্রুতা ফড়নবীশের সঙ্গে মাদক পাচারকারী জয়দীপ রানাকে দেখা গিয়েছে। নবাব মালিক এও দাবি করেছে যে জয়দীপের সঙ্গে দেবেন্দ্র ফড়নবীশের যোগ রয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে অম্রুতা ফড়নবীশের রিভার অ্যানথেম প্রকল্পের রেকর্ডিংয়ের সময় এই ছবি তোলা হয়েছে। নবাব মালিক এও দাবি করেছেন যে এই প্রকল্পে টাকা ঢেলেছিল এই জয়দীপ রানা।

মাদক পাচারকারীর সঙ্গে যোগ দেবেন্দ্র ফড়নবীশ
এক সাংবাদিক সম্মেলনে নবাব মালিক বলেন, 'মাদক পাচার মামলায় জয়দীপ রানা বর্তমানে জেলে রয়েছে, তার সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সম্পর্ক ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী অম্রুতা ফড়নবীশের নদী নিয়ে বিখ্যাত গানের প্রকল্পে টাকা ঢেলেছিল এই রানা। তারই আমলে রাজ্যে মাদক ব্যবসা বেড়ে গিয়েছিল।' নবাব মালিক এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে নিয়ে নতুন অভিযোগ করেন এদিন। তিনি জানিয়েছেন যে মুম্বইয়ে মাদক চক্র রমরমিয়ে যে চলছে, তার কিংপিন হলেন সমীর ওয়াংখেড়ে এবং তাঁকে নিয়োগ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এখানেই শেষ নয়, নবাব মালিক এনসিবি মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বেআইনি ফোন ট্যাপিং এবং তাঁর চাকরি সুরক্ষিত করার জন্য জাল নথি ব্যবহার সহ একাধিক অভিযোগ তুলেছেন।

মুম্বই মাদক কাণ্ডের তদন্তে সমীর ওয়াংখেড়ে
প্রসঙ্গত, মুম্বই প্রমোদতরীর মাদক কাণ্ডের তদন্তের নেতৃত্বে রয়েছেন সমীর ওয়াংখেড়ে। এই ঘটনায় যুক্ত থাকার জন্য গ্রেফতার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও। বৃহস্পতিবার জামিন পাওয়ার পর শনিবার আর্থার রোড জেল থেকে ছাড়া পান আরিয়ান। নবাব মালিক বলেন, 'মুম্বইয়ে মাদক চক্র চালানোর কিংপিন হলেন সমীর ওয়াংখেড়ে। তাঁকে দেবেন্দ্র ফড়নবীশ নিয়োগ করেছিলেন।' নবাব মালিক এও অভিযোগ করেন যে সমীর ওয়াংখেড়ে আসলে মুসলিম কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য তিনি ভুয়ো শংসাপত্র পেশ করেছিলেন।

বিজেপির ষড়যন্ত্র, অভিযোগ মালিকের
এর আগেও এনসিপি নেতা বারংবার অভিযোগ করে এসেছেন যে গত ২ অক্টোবর গোয়াগামী ক্রুজে এনসিবি যে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তা পুরোটাই ভুয়ো এবং এটা পুরোটাই বিজেপির ষড়যন্ত্র যাতে মুম্বই থেকে বলিউড সরে যেতে পারে তার জন্য। এ প্রসঙ্গে নবাব মালিক বলেন, 'মুম্বই ক্রুজ মাদক কাণ্ড কিছুই নয়, মহারাষ্ট্র থেকে বলিউডকে সরিয়ে দেওয়ার জন্য এটা বিজেপির য়ড়যন্ত্র ছিল। বলিউডের ভাবমূর্তি এভাবে নষ্ট করতে চায় বিজেপি।' নবাব মালিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে জাত শংসাপত্র জাল করার অভিযোগ তোলার পরই এনসিবি ডোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে দিল্লিতে পৌঁছেছেন জাতীয় কমিশন তফশিলি জাতির চেয়ারম্যান বিজয় সাম্পলার সঙ্গে দেখা করার জন্য।

দেবেন্দ্র ফড়নবীশের জবাব
অপরদিকে নবাব মালিকে অভিযোগের পর এক সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন যে নবাব মালিক যে ছবিটি টুইট করেছেন সেটি রিভার মার্চ সংস্থা দ্বারা ভাড়া করা এক ব্যক্তির। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'আমার স্ত্রী ও আমি সহ এই ব্যক্তি সকলের সঙ্গে ছবি তুলেছে।' ফড়নবীশ এও জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই নবাব মালিকের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ প্রকাশ্যে নিয়ে আসবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'যাদের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে তাদের মুখ বন্ধ করে রাখা উচিত। এই খেলা এনসিপি নেতা শুরু করেছে, দিওয়ালি পর্যন্ত অপেক্ষা করতে হবে এর শেষ দেখার জন্য।'












Click it and Unblock the Notifications