রাম মন্দিরের পর সীতা মন্দির, ইউপির স্ট্র্যাটেজি কি বিহার ভোটেও কাজে লাগাতে চলেছেন অমিত শাহ?
আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-কে সামনে রেখে, সীতামারির সীতা মন্দির সংস্কার বিজেপির অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠছে বলেই মনে করছেন অনেকে। তবে, এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, অযোধ্যায় রাম মন্দিরের পর এবার সীতামারিতে বিশাল সীতা মন্দির নির্মাণ হবে। তিনি মিথিলার জনগণকে বিজেপির সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং নির্বাচনের আগে বিহারে ক্যাম্প করার কথাও ঘোষণা করেছেন।

যদিও এক্ষেত্রে বিরোধীদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে অমিত শাহকে। বিরোধী দল আরজেডির পক্ষ থেকে বলা হয়েছে, "বিজেপি সীতা মন্দির নির্মাণের কৃতিত্ব নিতে পারে না"। একই সাথে লালু প্রসাদ যাদব বলেছেন, "বিহারে শাহের ক্যাম্পের কোনো জায়গা নেই"।
অন্যদিকে, জেডি(ইউ) এর পক্ষ থেকে বলা হয়েছে, "বিজেপির মিত্র হলেও নীতীশ কুমারের জেডি(ইউ) কেন্দ্রে আরও তহবিল দাবি করেছে। জেডি(ইউ)-এর মুখপাত্র নীরজ কুমার বলেন, "সীতা মন্দির রাজ্য সরকারের প্রকল্প, এখন কেন্দ্রীয় সরকার চাইলে আরও অর্থ বরাদ্দ করা উচিত"।
কংগ্রেসের মুখপাত্র জ্ঞানরঞ্জন গুপ্ত এই প্রসঙ্গে বলেছেন, "বিজেপি অপ্রয়োজনীয়ভাবে এই ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে"।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজ্য সরকার প্রথম এই প্রকল্প অনুমোদন করেছিল। তখন আরজেডি ও জেডি(ইউ) মহাগঠবন্ধনের অংশ ছিল। ২০২৪ সালের জানুয়ারিতে জেডি(ইউ) এনডিএতে ফিরে এসে বিজেপির মিত্র হয়। কিন্তু গত ২ বছরে এই সীতা মন্দির নির্মাণের বিষয়টি এতটুকুও গড়ায়নি।
বিজেপির মুখপাত্র অসিত নাথ তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, "অযোধ্যায় রাম মন্দিরের পর, সীতামারিতে বিশাল সীতা মন্দির নির্মাণ হবে। কেন্দ্র অযোধ্যা ও সীতামারির মধ্যে সংযোগকারী একটি রাস্তা তৈরির প্রকল্পও পরিকল্পনা করছে"।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির লক্ষ্য হিন্দু ভোট একত্রিত করা এবং সীতার জন্মস্থানকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা। অন্যদিকে, বিরোধীরা মনে করছেন, এই ইস্যু ভোটে বড় প্রভাব ফেলবে না, কারণ বিহারের জনগণ ধর্মের চেয়ে উন্নয়নকে বেশি গুরুত্ব দেয়। তবে কার পাল্লা ভারী হবে, সে তো ভোট বাক্সই বলবে। আপাতত, বিহার নির্বাচনের আগে সীতা মন্দির বিতর্ক আরও কতদূর গড়াবে, সেটাই এখন দেখার!












Click it and Unblock the Notifications