দিনভর চাপা টেনশন, রাতে খোঁজ মিলল প্রবীণ তোঘাড়িয়ার
প্রায় ১২ ঘণ্টা নিরুদ্দেশ থাকার পর হাসপাতালে অচৈতন্য অবস্থায় আহমেদাবাদের হাসপাতালে পাওয়া গেল বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোঘাড়িয়াকে। তিনি আপাতত সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
প্রায় ১২ ঘণ্টা নিরুদ্দেশ থাকার পর হাসপাতালে অচৈতন্য অবস্থায় আহমেদাবাদের হাসপাতালে পাওয়া গেল বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোঘাড়িয়াকে। তিনি আপাতত সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

আহমেদাবাদের পালদি এলাকা থেকে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ নিখোঁজ হয়ে যান ভিএইচপির এই নেতা। রাজস্থানের শ্রীগঙ্গাপুরে ২০০১ সালের একটি মামলায় অভিযুক্ত ছিলেন প্রবীণ তোঘাড়িয়া। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, সোলা পুলিশের সাহায্যেই তোঘাড়িয়াকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। তোঘাড়িয়ার কোনও খবর না পেয়ে সোলা থানার বাইরে বিক্ষোভ দেখান ভিএইচপি কর্মীরা। তোঘাড়িয়ার ছেলেও অভিযোগ করেন, তাঁর বাবার নিখোঁ হওয়ার পিছনে হাত রয়েছে গুজরাতের বিজেপি সরকারের। ফলে প্রবল চাপ তৈরি হয় জুগরাত প্রশাসনের ওপর। তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে গুজরাত পুলিশ জানিয়ে দেয়, তাদের কিংবা রাজস্থান পুলিশের তরফে তোঘাড়িয়াকে গ্রেফতার করা হয়নি।

এরপরেই রাতে আহমেদাবাদের চন্দ্রমনি প্রাইভেট হাসপাতালে খোঁজ মেলে প্রবীণ তোঘাড়িয়ার। সেখানকার চিকিৎসব রূপকুমার আগরওয়াল জানিয়েছে, ১০৮ অ্যাম্বুল্যান্সে করে প্রায় অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। রক্তে শর্করার পরিমাণ কমে গিয়েছিল। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন ওই চিকিৎসক। রাত ৯.২০ নাগাদ প্রবীণ তোঘাড়িয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়।
সূত্রের খবর অনুযায়ী, আহমেদাবাদ শহরের কোটারপুর ওয়াটাক ওয়ার্কস এলাকা থেকে তোঘাড়িয়াকে শাহিবাগের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে জেড প্লাস সিকিওরিটি ছাড়াই ভিএইচপি অফিস ছেড়েছিলেন তিনি। একটি অটোয় তাঁকে বসে থাকতে দেখা গিয়েছিল।
থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পর সারা দিন গুজরাতের নানা জায়গায় তোঘাড়িয়ার সন্ধানে তল্লাশি চালায় পুলিশ। রাতে পুলিশ জানিয়েছে, তাঁর জ্ঞান ফিরলেও, বয়ান দেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছতে আরও বেশ কিছুটা সময় লাগবে।












Click it and Unblock the Notifications