করোনার থাবা আইনমন্ত্রকে, নীতি আয়োগের পর সিল করে দেওয়া হল দিল্লির শাস্ত্রী ভবন
করোনার থাবা আইনমন্ত্রকে, নীতি আয়োগের পর সিল করে দেওয়া হল দিল্লির শাস্ত্রী ভবন
রাজধানী দিল্লিতে ক্রমশ চওড়া হচ্ছে করোনা ভাইরাসের থাবা। একের পর এক মন্ত্রকে থাবা বসাচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন আইনমন্ত্রকের আধিকারিক। তারপরেই দিল্লির শাস্ত্রীভবন আংশিক সিল করে দেওয়া হল। এর আগে নীতি আয়োগও এই একই কারণে সিল করে দেওয়া হয়েছিল।

করোনা আক্রান্ত আইনমন্ত্রকের কর্মী
দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আইনমন্ত্রকের এক আধিকারিক। শাস্ত্রীভবনের তিন তলায় ছিল তাঁর দফতর। খবরটি প্রকাশ্যে আসার পরেই আংশিক সিল করে দেওয়া হয় শাস্ত্রী ভবন। সেই আধিকারিকের সংস্পর্শে কারা কারা এসেছিলেন তাঁদের সন্ধান শুরু করেছে স্বাস্থ্যকর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য এই ভবনে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দফতর রয়েছে।

সিল শাস্ত্রীভবন
আইনমন্ত্রকের আধিকারিক করোনা আক্রান্ত হওয়ার পরেই আংশিক ভাবে সিল করে দেওয়া হয় শাস্ত্রী ভবন। আইনমন্ত্রকের দফতর পুরোটাই সিল করে স্যানিটাইজেশন চলছে। চার তলার এ উইংয়ের সব দফতর বন্ধ করে দেওয়া হয়েছে। এক এব ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগামী ৬ মে পর্যন্ত বেশ কিছু গেট ও লিফট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি স্যানিটাইজ করার পরেই চালু করা হবে।

দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ
দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সিআরপিএফ হেডকোয়ার্টারের পর সংক্রমণ ছড়িয়েছে িদল্লির বিএসএফ হেডকোয়ার্টারেও। দুই জায়গাতেই সিল করে স্যানিটাইজেশন করা হচ্ছে। অন্যদিকে আগেই নীতি আয়োগের দফতর সিল করে দেওয়া হয়েছিল। এদিকে এই পরিস্থিতির মধ্যে মদের দোকান খোলায় সংক্রমণের আশঙ্কা আরও বেড়েছে।












Click it and Unblock the Notifications