Modi Trump Talk: আমেরিকা যাবেন মোদী, অবৈধ অভিবাসীদের ফেরাতে ‘যথাযথ’ ব্যবস্থা নেবে ভারত, আস্থা ট্রাম্পের
Modi Trump Talk: সোমবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। দ্বিপাক্ষিক সহাবস্থান থেকে ব্যবসা বাণিজ্য ও অভিবাসন নীতি নিয়ে কথা হয়েছে দুই পক্ষের।
গত ২০ জানুয়ারি মার্কিন মসনদে ট্রাম্পের শপথ গ্রহণের পর এই প্রথম ফোনে কথা হল দুপক্ষের। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ফেব্রুয়ারিতেই আমেরিকায় (Modi US Visit) আসার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।

ট্রাম্প এদিন জানান, "সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসতে চলেছেন মোদী। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো।" অভিবাসন নীতি নিয়ে তাঁর সিদ্ধান্ত মোদীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানান ট্রাম্প। আমেরিকায় আসা অবৈধ ভারতীয় শরণার্থীদের ফেরাতে মোদী যথোচিত পদক্ষেপ নেবেন বলে জানান ট্রাম্প।
হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে বলা হয়, মোদীর সঙ্গে ফোনালাপে ট্রাম্প ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলোচনাও সেরেছেন। মার্কিন মুলুকে তৈরি সামরিক সরঞ্জামের ক্রেতা হিসেবে ভারতের গুরুত্ব উল্লেখ করেন ট্রাম্প। ভারতের সর্ববৃহৎ ব্যবসায়ীক বন্ধু হল আমেরিকা। দুই তরফে গত ২০২৩-২৪ অর্থবর্ষে ১১৮ বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছিল।
কূটনৈতিক কারণেও আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ ভারত (US India Relation)। চিনের (China) মোকাবিলা করতে ভারতের সঙ্গে কূটনৈতিক (Diplomatic) যোগাযোগ রাখছে আমেরিকা। সোমবারই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনের বিষয়ে এক্স হ্যান্ডেলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ট্রাম্প লেখেন, "প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত হয়েছি। দ্বিতীয়বার মসনদে বসায় তাঁকে অভিনন্দনও জানিয়েছি। পারস্পারিক সহাবস্থান ও আস্থার প্রতি আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও শ্রীবৃদ্ধি ঘটাতে এবং নিরাপত্তা বৃদ্ধিতে, সর্বোপরি মানুষের উন্নতি করতে আমরা একসঙ্গে কাজ করব।"
আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের ফেরাতে মোদী যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এনিয়ে বৈঠক সেরেছেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও (Marco Rubio)।
ইতিমধ্যেই ১৮ হাজার অবৈধ ভারতীয় শরণার্থীকে চিহ্নিত করেছে আমেরিকা ও ভারত। ট্রাম্প বলেন, ভারত থেকে কর্মদক্ষদের আইনত অভিবাসনে তিনি বরাবরই উদ্যোগী। মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ানবি ভিসায় এরকম বহু কর্মীই কাজ করছেন বলে জানান ট্রাম্প।












Click it and Unblock the Notifications