কেটে গেছে পাঁচ বছর, সিবিআই জালে ধরা পড়ল নরেন্দ্র দাভোলকারের হত্যাকারী
নরেন্দ্র দাভোলকারের হত্যার ৫ বছর কেটে গেছে। শনিবার পুনে থেকে পুলিশ শচিন প্রকাশরাও আন্দুরে নামে এক ব্যক্তিকে তাঁর হত্যাকারী হিসেবে গ্রেফতার করেছে সিবিআই।
পাঁচ বছর পর ধরা বড় মহারাষ্ট্রের যুক্তিবাদী আন্দোলনের নেতা নরেন্দ্র দাভোলকারের এক হত্যাকারী। শনিবার রাতে সিবিআই ও মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিস্ট সেলের যৌথ অভিযানে পুনে থেকে শচিন প্রকাশরাও আন্দুরে নামে এক ব্যক্তিকে আটক করা হয়। দাভোলকার হত্যায় যে দুই হত্যাকারী ছিল, তাদেরই একজন শচিন।

২৮ বছরের শচিনের বাড়ি আওরঙ্গাবাদে। পুনের এক কাপড়ের দোকানে সে কাজ করত। তাঁকে জেরা করে পুলিশ হত্যায় জড়িত আরও এক প্রাক্তন কর্পোরেটররের সন্ধান পায়। রাতেই তাকে জালনা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মহারাষ্ট্র এটিএস-এর একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি মহারাষ্ট্রের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র করার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদেরই একজন দাভোলকর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকেই এটিএস শচিনের সন্ধান পেয়েছিল।
এটিএস-এর আরেকটি সূত্র জানিয়েছে দাবোলকর হত্যা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ এসেছে কর্ণাটকের স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের কাছ থেকেও। তারা গৌরী লঙ্কেশ হত্যা মামলার তদন্ত করতে গিয়ে ওইসব তথ্য পায়।
নরেন্দ্র দাভোলকর ছিলেন মহারাষ্ট্রের যুক্তিবাদী সংগঠন মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রধান। ২০১৩ সালের ২০ আগস্ট সকালে প্রাতঃভ্রমণের সময়ে বালগন্ধর্ব রঙ্গমন্দিরের কাছে একটি ব্রিজের উপর দুষ্কৃতীদের গুলিতে তিনি মারা যান। দুই মোটরআরোহী খুব কাছ থেকে তাঁকে দুটি গুলি করে পালিয়েছিল।
এই মামলায় শচিনের আগে গ্রেফতার করা হয়েছিল ইএনটি ডাক্তার বীরেন্দ্র সিং তাওড়ে-কে। দাভোলকার হত্যা মামলার চার্জশীটে তাঁকে অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছিল সিবিআই। সিআইটি-র বিশেষ দল আবার জানিয়েছে বামপন্থী নেতা গোবিন্দ পানসারে হত্যাকাণ্ডেও সে জড়িত।












Click it and Unblock the Notifications