২০ বছরের দূরত্ব ঘুচিয়ে ফের একসঙ্গে ঠাকরে পরিবার, মুম্বই পুরভোটে শিবসেনা এমএনএসের ঐতিহাসিক জোট
দীর্ঘ প্রায় দুই দশকের দূরত্ব ঘুচিয়ে ফের একসঙ্গে রাজনীতির ময়দানে ফিরলেন ঠাকরে পরিবারের দুই প্রভাবশালী উত্তরসূরি। মুম্বইয়ের আসন্ন পুরসভা নির্বাচনের আগে বুধবার বড় ঘোষণা উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে হাত মিলিয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শুধু জোট নয়, মঞ্চ থেকেই তাঁরা জানালেন, এই ঐক্য স্থায়ী।
মুম্বইয়ে আয়োজিত এক জনসভায় রাজ ঠাকরে স্পষ্ট ভাষায় বলেন, "আজ মহারাষ্ট্র বহুদিনের অপেক্ষার অবসান দেখল। শিবসেনা ও এমএনএস আজ থেকে একসঙ্গে।" জনতার উচ্ছ্বসিত করতালির মাঝে তিনি জানান, রাজনীতির ঊর্ধ্বে রেখে সর্বদা মহারাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দেবেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, মুম্বইয়ের মেয়র অবশ্যই মারাঠি হবেন এবং তিনি হবেন উদ্ধব বা রাজ এই দুই দলেরই কেউ।

উদ্ধব ঠাকরে তাঁর বক্তব্যে মারাঠি ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, মারাঠি মানুষ সাধারণত কাউকে আঘাত করে না, কিন্তু সীমা লঙ্ঘন হলে ছাড়ও দেয় না। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে মারাঠি সমাজকে ভাগ করার চেষ্টা হয়েছে। তাঁর সতর্কবার্তা, আবার যদি বিভাজন হয়, তবে তার পরিণতি ভয়াবহ হবে। তাই মারাঠি সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আগামী ১৫ জানুয়ারি মুম্বই পুরসভার নির্বাচনসহ মহারাষ্ট্রের ২৯টি পুরনিগম নির্বাচনে একসঙ্গে লড়বে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। যদিও আসন বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দাদার, মাহিম, বোরিবলি, ভিখরোলি, ভাণ্ডুপ ও সেওড়ি এলাকায় প্রার্থী বাছাই নিয়ে দু'দলের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। একই সঙ্গে এনসিপি (এসপি)-র সঙ্গেও কথাবার্তা এগোচ্ছে বলে জানান উদ্ধব।
মুম্বই ছাড়াও ঠানে, কল্যাণ ডোম্বিভলি ও নাসিক পুরসভা নির্বাচনেও এই জোটের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের জুলাই মাসে ওরলিতে এক সভামঞ্চে প্রথমবার প্রায় ২০ বছর পর একসঙ্গে দেখা গিয়েছিল দুই ঠাকরেকে। সেই সভার পটভূমি ছিল রাজ্যে প্রাথমিক স্তরে হিন্দিকে তৃতীয় ভাষা করার সিদ্ধান্ত প্রত্যাহার।
২০০৬ সালে রাজ ঠাকরে অবিভক্ত শিবসেনা ছেড়ে বেরিয়ে এসে এমএনএস গড়ার পর থেকেই শুরু হয়েছিল দুই কাজিনের রাজনৈতিক দূরত্ব। তবে 'মারাঠি গর্ব' এবং রাজ্যের স্বার্থের প্রশ্নে সেই পুরনো বিরোধ এবার ইতিহাসে ঠাঁই পেল। মুম্বই পুরভোটের আগে এই জোট যে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে, তা নিয়ে এখনই শুরু হয়েছে জোর চর্চা।












Click it and Unblock the Notifications