বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে তিনিও আছেন! উদ্দেশ্য নিয়ে কটাক্ষ, মমতাকে 'চ্যারিটি বিগিনস অ্যাট হোম'-র বার্তা অধীরের
বাংলাকে বঞ্চনার অভিযোগে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় বসার সিদ্ধান্তকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি দিল্লিতে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত চ্যারিটি বিগিনস অ্যাট হোম নীতি অনুসরণ করা।

দিল্লিতে ধরনা দেবেন মমতা
ওড়িশা যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজে রাজ্যে পাওনা টাকা আটকে দেওয়ার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ২৯ ও ৩০ মার্চ আম্বেদকর মূর্তির সামনে তিনি ধরনা দেবেন। এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার বাংলার আবাসন ও রাস্তা নির্মাণে অর্থ বরাদ্দ করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস আন্দোলন চালাবে বলেও জানান তিনি।

চ্যারিটি বিগিনস অ্যাট হোম
মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তিনি অভিযোগ করেন বঞ্চনা সারা বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে চাকরি না পাওয়ার বঞ্চনা, কাজ না পাওয়ার বঞ্চনা, শিশুদের মিড-ডে মিল নিয়ে বঞ্চনা। সেই বঞ্চনাকে সামলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যান, তাহলে ভাল হয় বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।

মানুষের নজর ঘোরাতে চাইছেন
অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের নামার সময় নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বাইরে থেকে এই ধরনা প্রদর্শন ভাল বলে মনে হলেও, বাংলায় এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের স্তূপ। দিকে দিকে প্রতারিতদের ক্ষোভ। সাধারণ মানুষ এইসব ঘটনায় ক্ষুব্ধ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে সেইসব অভিযোগের উত্তর না দিয়ে নজর ঘুরিয়ে দিতে চাইছেন। পালিয়ে যেতে চাইছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা যখন হারিয়ে যাচ্ছে, সেই সময় দিল্লিতে গিয়ে নাটক করতে চাইছেন তিনি। অধীর চৌধুরী প্রশ্ন করেন, বাংলায় লুটের প্রতিবাদ কে করবে?

বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ডাক পেলে যাবেন
এদিন অধীর চৌধুরী বলেন, বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ডাক পেলে তিনি যাবেন। তিনি আরও, বাংলার উন্নয়ন আর বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে তিনি সোমবারেও একঘন্টা আলোচনা করেছেন। মনরেগায় রাজ্যের ২৯ হাজার কোটি টাকা ছেঁটে দেওয়া নিয়ে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় মন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে সততা নিয়ে বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। এক্ষেত্রে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত আগে নিজের ধর্ম পালন করা, তারপরে পরকে ধর্ম পালনের কথা বলা উচিত।












Click it and Unblock the Notifications