নিয়ন্ত্রণের বাইরে দিল্লি সংঘর্ষ! নামছে অতিরিক্ত বাহিনী, একমাসের জন্য জারি ১৪৪ ধারা
সিএএ বিরোধী ও সিএএ সমর্থকদের সংঘর্ষে ক্রমেই পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ছে দিল্লিতে। এই অবস্থায় মঙ্গলবার সকলে দিল্লি পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে জরুরি এক বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির উত্তর-পূর্ব প্রান্তের এই অশান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সেই বৌঠকে ২৪ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারির কথাও বলা হয়েছে।

বেঠকে উপস্থিত কেজরিওয়াল সহ লেফটেন্যান্ট গভর্নর
বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক অরবিন্দ কুমার, দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক, কংগ্রেস নেতা সুভাষ মালহোত্রা, দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি এবং দলনেতা রামবীর বিধুরী।

পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন কেজরিওয়াল
এর আগে পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অশান্ত এলাকার বিধায়ক এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে আলাদা এক বৈঠক করেন। সেই বৈঠকের পর কেজরিওয়াল জনগণের উদ্দেশ্যে বলেন, 'আমি সমস্ত দিল্লির কাছে শান্তি বজায় রাখার আবেদন করছি। আমরা উত্তর-পূর্ব দিল্লির সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ ব্যক্তি এই সংঘর্ষে জখম হন এবং কয়েকজন প্রাণও হারিয়েছেন। বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক।' এরপর তিনি আরও বলেন, 'আক্রান্ত এলাকার বিধায়করা আমাকে জানিয়েছেন যে এলাকায় বাইরে থেকে লোক এসে অশান্তি করছে। এই অবস্থায় দিল্লির সীমান্ত বন্ধ করে দিতে হবে। পাশাপাশি প্রতিরোধমূলক গ্রেফতারিও চালাবে পুলিশ।'

দুইপক্ষের পাথর ছোঁড়াছুঁড়ির খবরে নামে ব়্যাফ
এদিকে দিল্লি পুলিশ সূত্রের খবর, দিল্লির ব্রহ্মপুরীতে সকাল থেকেই দুইপক্ষের পাথর ছোঁড়াছুঁড়ির খবর আসতে থাকে। আর তার জেরেই সকালেই সেখানে ব়্যাফ নামাতে বাধ্য হয়েছে পুলিশ। জানা গিয়েছে, মধ্যরাত পর্যন্ত দিল্লি পুলিশের কাছে একের পর এক আগুন লাগা ঘটনার খবর আসতে থাকে। রাত ৩ টে পর্যন্ত পুলিশের কাছে ও দমকলের কাছে এমন বেশ কয়েকটি ঘটনার খবর আসতে থাকে।

দিল্লিতে সংঘর্ষের জেরে মৃত ৭, জখম ১৬০
এদিকে খবর অনুযায়ী দিল্লিতে সংঘর্ষের জেরে সোমবার পর্যন্ত অন্তত ১৬০ জন মানুষ দখম হয়েছে। জখম ব্যক্তিদের জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, মৃতের সংখ্যা পৌঁছেছে ৭ জনে। গোটা উত্তরপূর্ব দিল্লি এই মুহূর্তে ত্রস্ত। একের পর এক বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

রাস্তায় অতিরিক্ত বাহিনী, জারি ১৪৪ ধারা
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ ২৪ মার্চ পর্যন্ত পুরো উত্তর-পূর্ব দিল্লিতে সিআরপিসির ১৪৪ ধারা অনুযায়ী নিষেদ্ধাজ্ঞা জারি করেছে। যদিও এই পরিস্থিতিতেও রাস্তা অবরোধ করে সিএএ বিরোধী বিক্ষোভকারীরা তাদের অবস্থানে অনড়। তারা সেখান থেকে সরতে নারাজ। এই অবস্থায় আরও আধাসামরিক বাহিনী নামানো হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications