Adani US Bribery Case: আদানির ঘুষের টাকা গিয়েছে অন্ধ্রের আমলার পকেটে! জগন রেড্ডির নাম উঠতেই কী জানাল YSRCP?
Adani US Bribery Case: আদানি ঘুষকাণ্ডে এবার নাম জড়াল অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির (Jagan Mohan Reddy)। মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে অন্ধ্র প্রদেশের রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চুক্তিপত্র স্বাক্ষরের জন্য ১৭৫০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন আদানি।
২০২১ সালের অগাস্ট মাসে অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সঙ্গে নাকি ঘুষের ব্যাপারে কথা বলতে দেখাও করেছিলেন শিল্পপতি গৌতম আদানি। এমনই বিস্ফোরক অভিযোগ আমেরিকার কমিশনের। ওই সাক্ষাতেই ঘুষ দেওয়া হয়েছিল অথবা ঘুষের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি SEC-র। অন্ধ্র প্রদেশের এক শীর্ষ সরকারি আমলাকে ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

কমিশনের আরও দাবি, ওই সাক্ষাতের বেশকয়েকদিন পর সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার থেকে ৭ গিগাওয়াট বিদ্যুৎ কিনতে রাজিও হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। সেই সময়ের সাপেক্ষে বাকি রাজ্যগুলির থেকে যা অনেক বেশি। আমেরিকার গোয়েন্দাদের দাবি, সোলার এনার্জি কর্পোরেশন ক্রেতা না খুঁজে পাওয়ায় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার ষড়যন্ত্র করে আদানি ও আজ্যুওর পাওয়ার।
যদিও এই অভিযোগ নস্যাৎ করেছে জগন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস (YSRCP)। শুক্রবার তাদের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, "আদানি গোষ্ঠী বা তার কোনও শাখা সংগঠনের সঙ্গে অন্ধ্রপ্রদেশের রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা চুক্তি সই করেনি। এমনকি, অন্য কোনও সংস্থার সঙ্গেও সরাসরি সমঝোতা করা হয়নি। রাজ্য সরকারের উপর যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যে।"
ওয়াইএসআর কংগ্রেসের আরও দাবি, ২০২১ সালের নভেম্বরে ৭ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহে ছাড়পত্র দিয়েছিল অন্ধ্রপ্রদেশ বিদ্যুৎ রেগুলেটরি কমিশন। তার আগে অন্ধ্রের সরকারকে ২.৪৯ টাকায় এক কিলোওয়াট-আওয়ার হিসেবে ২৫ বছর বিদ্যুৎ দেওয়ার প্রস্তাব দেয় রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশন। ওই বছরই পয়লা ডিসেম্বর চুক্তিও স্বাক্ষর করা হয় বলে দাবি।
জগন মোহন রেড্ডির দলের আরও দাবি, সোলার এনার্জি কর্পোরেশনের সঙ্গে ওই চুক্তি অনুমোদন করে কেন্দ্রীয় ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। এই প্রকল্পের ফলে রাজ্য খুবই লাভবান হয়। সস্তায় বিদ্যুৎ পেয়ে বার্ষিক ৩ হাজার ৭০০ কোটি টাকা পর্যন্ত সঞ্চয় হয় রাজ্যের তহবিলে।
নিউইয়র্কের আদালত বৃহস্পতিবার গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্র্যাক্ট পেতে সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে আদানি কর্তাদের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনা নিয়ে অন্ধ্রের শাসকদল টিডিপি এখনও মুখ খোলেনি। রিপোর্ট খতিয়ে না দেখে কোনও মন্তব্য করতে নারাজ তারা।












Click it and Unblock the Notifications