দ্বিমুখী লড়াইয়ে কৌশল বদল বিজেপির! এবার দিল্লি থেকে ভোটে লড়তে পারেন অক্ষয় কুমার
দিল্লির সাতটি আসনে আপ ও কংগ্রেসের আসন রফা পাকা। তারপর থেকে বিজেপি দিল্লির সাতটি লোকসভা আসন নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত ২০১৪ ও ২০১৯ সালে বিজেপি দিল্লির সাতটি আসনেই জয় পেয়েছিল। ২০২৪-এ এই ফলাফলে পুনরাবৃত্তি করতে পরিকল্পনা করছে গেরুয়া শিবির।
দিল্লির আসনগুলি নিয়ে বিজেপি এখনও নাম চূড়ান্ত না করলেও, সূত্রের খবর, কয়েকটি আসনে বর্তমান সাংসদদের এবার প্রার্থী নাও করা হতে পারে। সেখানে নতুনদের সুযোগ দেওয়া হবে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিল্লির একটি আসন থেকে বিজেপি অভিনেতা অক্ষয় কুমারের নাম বিবেচনা করছে বলে খবর।

সূত্রের খবর, প্রাথমিকভাবে দিল্লির চাঁদনি চক আসন থেকে অভিনেতা অক্ষয় কুমারের নাম ভাবা হয়েছে। ২০১৪-র পরে ২০১৯ সালে এই আসন থেকে বিজেপির হর্ষবর্ধন জয়ী হয়ে কেন্দ্রে মন্ত্রীও হয়েছিলেন। এর আগে ২০০৪ ও ২০০৯ সালে এই আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন আইনজীবী কপিল সিবাল।
দিল্লিতে অক্ষয় কুমারের নাম ভাবার পিছনে কারণ হিসেবে বলা হচ্ছে, অভিনেতা শৈশবের একটা বড় অংশ দিল্লিতে কাটিয়ে ছিলেন। তারপরে তিনি মুম্বই যান। তিনি এক সাক্ষাৎকারেও জানিয়েছেন, চাঁদনি চকের একটি ছোট বাড়িতে পরিবারের চব্বিশ জন সদস্যের সঙ্গে তিনি থাকবেন। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, যখন তাঁরা ঘুম থেকে উঠে ব্যায়াম করতেন, কার্যত একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়তেন। এর আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রকল্পগুলিকে সমর্থন করতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে।
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি দিল্লির যেসব আসনে প্রার্থী পরিবর্তনের কথা ভাবছে তার মধ্যে রয়েছে উত্তর-পূর্ব দিল্লি। বর্তমানে এই আসনের সাংসদ মনোজ তিওয়ারি। তিনি পরপর দুবার এই আসন থেকে জয়ী হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি আপ ও কংগ্রেস দিল্লিতে আসন সমঝোতার কথা ঘোষণা করে। যেখানে কংগ্রেস উত্তর-পূর্ব দিল্লি, চাঁদনি চক এবং উত্তর পশ্চিম দিল্লি আসনে প্রার্থী দেবে। অন্যদিকে আপ নয়াদিল্লি, পূর্ব দিল্লি, পশ্চিম দিল্লি ও দক্ষিণ দিল্লি আসনে প্রার্থী দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লিতে আপ-কংগ্রেসের আসন সমঝোতা ভোটের ফলাফলের ওপরে প্রভাব ফেলবে, কারণ নির্বাচনী লড়াই এবার ত্রিমুখী নয়, হবে দ্বিমুখী।
তবে কংগ্রেস ও আপ শুধু দিল্লিতেই নয়, তারা গুজরাত, চণ্ডীগড়, হরিয়ানা ও গোয়াতেও আসন সমঝোতা করেছে।












Click it and Unblock the Notifications