উত্তরপ্রদেশের পর্যটন মানচিত্র থেকে তাজমহলকেই বাদ দিল যোগী সরকার
যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের পর্যটন বুকলেট থেকে তাজমহলকেই বাদ দিয়ে দিল।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের পর্যটন বুকলেট থেকে তাজমহলকেই বাদ দিয়ে দিল। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হিন্দুত্ববাদী সরকার মোঘল স্থাপত্যকে অবজ্ঞা করছে, এমনই অভিযোগ উঠতে শুরু করেছে।

যোগীর রাজ্যের নতুন বুকলেটে যে সমস্ত পর্যটন স্থলের উপরে কাজ হচ্ছে বা ভবিষ্যতে হবে তার বিবরণ দেওয়া হয়েছে। সেখানে একবারও তাজমহলের নাম নেই। ফলে যোগী সরকার কি তাজমহলকে উপেক্ষা করছে? এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
বিরোধীরা এই ঘটনা জানার পর প্রতিবাদ করার পর সরকারি তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে সাফাই দেওয়া হয়েছে। তাজমহল ও তার আশপাশের এলাকা নিয়ে যোগী সরকার ভাবিত, এমনটাই বলা হয়েছে। বিশ্বব্যাঙ্কের সাহায্য নিয়ে উত্তরপ্রদেশ সরকার ৩৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে। যার মধ্যে ১৫৬ কোটি টাকা তাজমহল সংষ্কারের খরচ করা হবে বলে সরকারের দাবি।
এই প্রস্তাব কেন্দ্রের কাছে নিয়ে গিয়ে তিন মাসের মধ্যে পাশ করিয়ে নেওয়ার চেষ্টা হবে বলে দাবি করা হচ্ছে। বলা হয়েছে, দরিদ্র মানুষরা যাতে ভ্রমণের সুযোগ পায় সেকথা মাথায় রেখেই প্রস্তাব তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী রীতা বহুগুণা যোশী যে বুকলেট প্রকাশ করেন সেখানে বারাণসী, মথুরা, অযোধ্যা, গোরক্ষপুর, দেবীপতন, নৈমিশারণ্য, এলাহাবাদ, চিত্রকূট, কুশীনগর, বুন্দেলখণ্ড, মির্জাপুর, সোনভদ্রের নাম থাকলেও তাজমহলের নাম ছিল না। যা নিয়েই বিতর্ক তৈরি হয়।












Click it and Unblock the Notifications