যোগী রাজ্যের মানুষ রাহুলকেও প্রধানমন্ত্রী হিসেবে চান! ঠিক কত এগিয়ে মোদী, কী বলছে এবিপি-সিভোটার সমীক্ষা
প্রথম দফার লোকসভা নির্বাচনের দু-সপ্তাহের বেশি কিছু সময় বাকি। বিভিন্ন দল তাদের সামর্থ অনুযায়ী প্রচার চালাচ্ছে বিভিন্ন জায়গায়। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ চারশো আসনের লক্ষ্যমাত্রা নিয়ে লড়াইয়ে নেমেছে, অন্যদিকে ইন্ডিয়া ব্লক বিজেপি নেতৃত্বাধীন সরকারকে পরাস্ত করতে বিভিন্ন রাজ্যে তাদের জোটে শান দিচ্ছে।
দেশের মধ্যে আসন সংখ্যার নিরিখে সব থেকে বড় রাজ্য হল উত্তর প্রদেশে। এই রাজ্যে আসন রয়েছে ৮০ টি। ২০১৭ সাল থেকে রাজ্যে একটানা ক্ষমতায় রয়েছেন যোগী আদিত্যনাথ। সেই রাজ্যের সাধারণ মানুষের মনোভাব যাচাই করতে সম্প্রতি সমীক্ষা চালিয়েছে এবিপি সিভোটার। ওই রাজ্যের মানুষ কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সরকারের কাজে কতটা সন্তুষ্ট, কোন জোট কত শতাংশ ভোট পেতে পারে, তা উঠে এসেছে এই সমীক্ষায়।

এই সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের ৪২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট। ২৯ শতাংশ মানুষ রয়েছেন মাঝামাঝি জায়গায়। অন্যদিকে ২৭ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা কেন্দ্রের কাজে অসন্তুষ্ট। আর দুই শতাংশ কোনও সিদ্ধান্তে আসতে পারেননি।
রাজ্য সরকারের কাজে কত মানুষ অসন্তুষ্ট তাও উঠে এসেছে এই সমীক্ষায়। ফলাফল বিশ্লেষণে দেখা গিয়েছে ৫১ শতাংশ মানুষ খুব সন্তুষ্ট, ২৫ শতাংশ রয়েছেন মাঝামাঝি জায়গায়। আর ২৩ শতাংশ মাবুষ রাজ্যের বিজেপি সরকারের কাজে অসন্তুষ্ট।
সমীক্ষায় বলা হয়েছে, উত্তর প্রদেশে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৫২ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে ইন্ডিয়া ব্লক পেতে পারে ৩৬ শতাংশ। আর একা লড়াই করা বহুজন সমাজপার্টি পেতে পারে মাত্র সাত শতাংশ ভোট।
অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের কাকে পছন্দ, তাও উঠে এসেছে সমীক্ষায়। সেখানকার ৬২ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ২৪ শতাংশ মানুষ।
সারা ভারত জুড়ে হওয়া এই সমীক্ষায় অংশ নিয়েছেন ২২৫৮ জন প্রাপ্ত বয়স্ক মানুষ। এক্ষেত্রে ত্রুটির পরিমাণ প্লাস-মাইনাস তিন শতাংশ থেকে পাঁচ শতাংশের মধ্যে।












Click it and Unblock the Notifications