১৩ দিনে প্রায় ৭ কোটি টিকাকরণ, ভ্যাকসিন নীতি ৩.০-র হাত ধরেই গতি আসছে টিকাকরণে?
১৩ দিনে প্রায় ৭ কোটি টিকাকরণ, ভ্যাকসিন নীতি ৩.০-র হাত ধরেই গতি আসছে টিকাকরণে?
চলতি বছরের শুরু থেকে টিকাকরণ পর্ব শুরু হলেও দফায় দফায় টিকা নীতি বদলেছে সরকার। কখনও অগ্রাধিকার দেওয়া হয়েছে কোভিড যোদ্ধাদের তো কখনও অগ্রাধিকার পেয়েছেন বয়স্করা। এমনকী টিকার মূল্যতেও দফায় দফায় এসেছে বদল। এদিকে দেশে সমস্ত প্রাপ্তবয়ষ্কদের বিনামূল্যে টিকাকরণের জন্য গত ২১ জুন থেকে নয়া নীতি এনেছে সরকার। পরিসংখ্যান বলছে তারপর থেকে দু-সপ্তাহে ৬.৭৭ টিকা দেওয়া হয়েছে গোটা দেশে।

আরও সহজ করে বললে ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৩ দিনে গোটা দেশে ৬.৭৭ কোটি টিকা ডোজ দেওয়া হয়েছে গোটা দেশে। পরিসংখ্যান বলছে জুনের ৮ থেকে ২০ তারিখের তুলনায় গত ১৩ দিনে টিকাকরণে গতি বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। জুনের ২১ তারিখ থেকে এখনও পর্যন্ত দৈনিক গড়ে ভারতে ৫২.০৮ লক্ষ টিকা ডোজ দেওয়া হয়েছে। কিন্তু আগের দুই সপ্তাহে এই দৈনিক গড় ছিল ৩১.২০ লক্ষ।
ভ্যাকসিন নীতি ৩.০-র হাত ধরে এখন দেশে উৎপাদিত মোট টিকার ৭৫ শতাংশ ক্রয় করে বিনামূল্যে রাজ্যগুলিতে সরবরাহ করছে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ বেসরকারি ক্ষেত্রের জন্য বরাদ্দ হচ্ছে বলে জানা যাচ্ছে। আর এই রাস্তাতে হেঁটেই মিলছে সুফল, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের। যদিও এর আগে সরকারি প্রস্তুতকারকদের থেকে ২৫ শতাংশ টিকা কেনার ছাড়পত্র দেওয়া হয় রাজ্যগুলিকে। বর্তমানে এই নীতিতেই বড়সড় বদল এনেছে মোদী সরকার।
অন্যদিকে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত গোটা দেশে ৩৫ কোটি ২৮ লক্ষ ৯২ হাজারের বেশি টিকা ডোজ দেওয়া হয়েছে। টিকা পেয়েছেন দেশের ২১.৬ শতাংশ মানুষ। পাশাপাশি টিকার দুটি ডোজই পেয়েছেন দেশের ৪.৮ শতাংশ মানুষ। অন্যদিকে এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৮৪ হাজারের বেশি। মারা গিয়েছেন ৪ লক্ষের বেশি মানুষ।












Click it and Unblock the Notifications