চিঠির বান্ডিল কাঁধে নিয়ে হাঁটছেন অভিষেক, বাংলার ৫০ লক্ষ চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর টেবিলে?
৫০ লক্ষ চিঠি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে কাঁধে নিলেন চিঠির বান্ডিল। একশো দিনের কাজের টাকা বাংলাকে দেওয়া বন্ধ করেছে বিজেপি। বাংলা বঞ্চনা শিকার৷ এই দাবিতে বাংলার বিভিন্ন অংশ থেকে মন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লেখা হয়েছে। সেই চিঠি নিয়েই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর অফিসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে তৃণমূলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়৷ মঞ্চের একেবারে সামনের সারিতে মধ্যমণি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ছিলেন তৃণমূলের প্রথম সারির সাংসদ, মন্ত্রী, বিধায়করা। মঞ্চের নীচে সামনে সার দিয়ে রাখা ছিল কাগজের বান্ডিল। ওই বান্ডিল আসলে চিঠির পাহাড়।

বাংলার মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার। একশো দিনের টাকা রাজ্যে বন্ধ করেছে বিজেপি সরকার। একাধিক বার মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি করলেও মোদী সরকার কানে তুলছেন না। সেই অভিযোগ তৃণমূলের থেকে দীর্ঘ দিন ধরে পাওয়া যাচ্ছে। এবার একশো দিনের পাওনা টাকা, আবাস যোজনার টাকার দাবিতে দিল্লিতে রাজপথে তৃণমূল কংগ্রেস নেতা - কর্মীরা।
বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারকে একশো দিনের কাজের পাওনা টাকা, বঞ্চনার দাবিতে চিঠি লিখেছেন। মোট ৫০ লক্ষ চিঠি বাংলা থেকে রাজধানী দিল্লিতে এসেছে। সেই চিঠিই যন্তর মন্তরের মঞ্চের সামনে থরে থরে সাজানো ছিল।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই ৫০ লক্ষ চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাবেই। এই চিঠি আমি মন্ত্রীর টেবিলে ফেলে আসব। আমার একটাই কন্ডিশন, দুর্নীতির পাহাড় বড় না কী মানুষের চিঠির পাহাড় বড়? আজ তার চূড়ান্ত ফয়সালা হোক। চূড়ান্ত সিদ্ধান্ত হোক। অভিষেক আরো বলেন, দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে কেন এফআইআর হয়নি? কত টাকার দুর্নীতি হয়েছে? কোথায় দুর্নীতি হয়েছে? সেই প্রশ্নও তুলেছেন তিনি।
যন্তর মন্তর থেকে মিছিল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দল কৃষি ভবন যান। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করার জন্য এই যাওয়া। তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রী মিলিয়ে ৪০ জন এই প্রতিনিধি দলে আছেন৷ এছাড়াও এই দলে রাখা হয়েছে আট জন জবকার্ড হোল্ডারকেও।
এদিন চিঠির বান্ডিল কাঁধে নিয়ে অভিষেক হাঁটেন। অন্যান্যদের সঙ্গেও চিঠির বান্ডিল দেখা যায়। বাকি চিঠি অভিষেকের কথামতো গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়।












Click it and Unblock the Notifications