Abhishek Banerjee: বাংলার মানুষের গায়ে হাত পড়লে পরিণাম ভয়ঙ্কর হবে, অমিত শাহের পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের
আগামীকালের ধর্না কর্মসূচি নিয়ে দিল্লি পুলিশকে তীব্র হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি হুঙ্কার দিয়েছেন যদি আগামীকাল যন্তরমন্তরের ধর্নায় পুলিশ কারোর গায়ে হাত তোলে তাহলে তার পরিণাম ভাল হবে না।
অমিত শাহের পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে গিরিরাজ সিংয়ের গ্রেফতারি দাবি করেছেন অভিষেক। তিনি বলেছেন গিরিরাজ সিং যে সিবিআই তদন্তের দাবি করেছেন তাতে তাঁদের আপত্তি নেই। কিন্তু সিবিআই তদন্তের ফল শূন্য হবে।

১০০ দিনের বকেয়া আদায়ে আজ রাজঘাটে ধরনা কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই ধরনা কর্মসূচি ভঙ্গ করার জন্য দিল্লি পুলিশ নির্মম ভাবে আচরণ করেছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের গায়ে পুলিশ হাত িদয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বারবার হুঁইসেল বাজিয়ে তাঁদের সভা করতে দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য রাজঘাটে সাংবাদিক বৈঠক অসম্পূর্ণ রেখেই বেরিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের গরিব মানুষের টাকা আদায়ে আন্দোলন চালিয়ে যাবে বলে হুমকি দিয়েছেন তিনি। অমিত শাহের পুলিশ যত তাঁদের বাধা দেবে তত আন্দোলন তীব্র হবে বলে হুঙ্কার দিয়েছেন অভিষেক।
কোনও দলীয় সভা করতে এখানে তৃণমূল কংগ্রেস আসেনি। বাংলার গরিব মানুষের টাকা আদায়ে তাঁরা এসেছেন। রাজঘাটে সভায় কোনও রাজনৈতিক পতাকা এবং স্লোগান দেওয়া হয়নি তারপরেও পুলিশ নির্মম আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। গিরিরাজ সিংকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন বিজেপি যদি মনে করেছে দুর্নীতি হয়েছে তাহলে একটাও এফআইআর কেন করা হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন গত ২ বছর ধরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে মোদী সরকার। গত ২ বছরে ৬৯টি কেন্দ্রীয় দল এসেছে বাংলায়। কিন্তু কোনও দুর্নীতি প্রমাণ করতে পারেননি তাঁরা। তারপরেও কেবল রাজনীতির কারণে বাংলার মানুষের টাকা আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মোদী সরকারকে নিশানা করে বলেছেন যেভাবে দিল্লি পুলিশ রাজঘাটে বাংলার মানুষের উপর হামলা চালিয়েছে তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে মোদী সরকারের গণতন্ত্র।
আগামীকাল কৃষিভবনে প্রতিনিধিদল পাঠানো হবে। দুপুর ১টা থেকে যন্তর মন্তরে হবে সভা। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে সেই সভা। তারপরে গিরিরাজ িসং যে সময় দিয়েছে সেই সময়ে প্রতিনিধি দল গিয়ে কৃষি ভবনে বৈঠক করবে। সেখানে রাজ্যের মানুষের দাবি আদায় না হলে পরবর্তী পদক্ষেপ আলোচনা করে নেওয়া হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications