Abhishek Banerjee: অভিষেক যেতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে, অনুমতি দেয়নি ইডি! সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে আবেদন
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৬ জুলাই চোখের চিকিৎসা করাতে যেতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে। ইডি-র কাছে অনুমতি চেয়েছেন। বিষয়টি নিয়ে এবার সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হলেন।
কলকাতা হাইকোর্টেও ইডি-র এফআইআর খারিজের আবেদন জানিয়ে মামলা করেছিলেন অভিষেক। চোখের চিকিৎসা করানোর বিষয়টি সেখানেও অভিষেক তোলেন। কিন্তু ইডির আপত্তিতে সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি।

অভিষেক ইডি-কে চিঠি লিখে ১৫ জুলাই জানিয়েছেন, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বাল্টিমোরের মেরিল্যান্ডে জন্স হপকিন্স হাসপাতালে বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসকদের নির্দেশ মেনে চলার পর ফের চোখ দেখানোর অ্যাপয়েনমেন্ট রয়েছে ৮ অগাস্ট।
সে কারণে ২৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি ২০ অগাস্ট অবধি নিউ ইয়র্কের ব্রুকলিনে সাংসদ ডেরেক ও'ব্রায়েনের স্ত্রী-র বাসভবনে থাকবেন। সেখানে কোন ফোন নম্বরে তাঁকে পাওয়া যাবে সেটাও উল্লেখ রয়েছে ইডিকে পাঠানো চিঠিতে। এই চিঠি আদালতে পেশ করে বিদেশ যাত্রার অনুমতি চান অভিষেক।
বিদেশ যাত্রা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি ওঠে বিচারপতি এসকে কৌল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে। বিচারপতি কৌল বলেন, বিদেশ যাত্রা অধিকারের মধ্যেই পড়ে যদি না কারও পলাতক হওয়ার আশঙ্কা থাকে। রুজিরার আইনজীবী কপিল সিব্বল বলেন, গত ৫ জুন লুক আউট নোটিশের কথা বলে রুজিরার বিদেশ যাত্রায় বাধাদান করা হয়েছিল।
এরপরই ইডির হয়ে সওয়াল করা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুকে বিচারপতিরা প্রশ্ন করেন, লুক আউট সার্কুলার রয়েছে কিনা। বিষয়টি জানানোর জন্য সময় চান রাজু। এরপরই অভিষেকের বিষয় সিব্বল উত্থাপন করলে এএসজি আপত্তি জানিয়ে বলেন, মূল মামলার সঙ্গে বিষয়টি সম্পর্কিত নয়।
উল্লেখ্য, কয়লা মামলায় ইডি যাতে দিল্লিতে তাঁদের জিজ্ঞাসাবাদ না করে সেজন্য শীর্ষ আদালতে গিয়েছেন অভিষেক ও রুজিরা। দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা যাবে না, অভিষেকরা এমনটা চাইলেও দিল্লি হাইকোর্ট সেই আর্জিতে সম্মত হয়নি। তার প্রেক্ষিতে অভিষেক ও রুজিরা সুপ্রিম কোর্টে যান। এরপর কলকাতায় তাঁদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।
আদালত ওই মামলার অগ্রগতি নিয়েও জানতে চেয়েছে। এএসজি তদন্তে সব কিছু খতিয়ে দেখার কথা বললে বিচারপতিরা কিছুটা উষ্মা প্রকাশ করেন। এই শুনানি চলাকালীনই শীর্ষ আদালত বুঝিয়ে দেয়, লুক আউট সার্কুলার না থাকলে তাঁদের বিদেশ যাত্রায় বাধাদান সঠিক হবে না।

এদিকে, কলকাতা হাইকোর্টে ইডি-র আপত্তিতে অভিষেকের মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে ইডি-র এই আপত্তি কতটা যৌক্তিক তা নিয়েও ঠারেঠোরে প্রশ্ন উঠে গেলো। অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এর আগে সুজয় কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টচার্যর জামিন সহ অন্য বেশ কিছু মামলায় এই কোর্টের শুনানি নিয়ে কোনও আপত্তি করেনি ইডি।
অভিষেক আজ বিদেশ যাত্রা নিয়ে নতুন হলফনামা জমা দেন। যেহেতু এখানে অভিষেক মামলা করেছেন, সে কারণেই ইডি অবস্থান বদল করেছে বলে দাবি সিংভির। তিনি বলেন, অভিষেককে আমেরিকায় যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। কিন্তু ইডি-র তরফে দাবি করা হয়, অভিষেকের মামলার শুনানি এই আদালতে হওয়া ঠিক নয়।
এরপরই সরে দাঁড়ান বিচারপতি। প্রধান বিচারপতি সব দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। কোন বেঞ্চে মামলা যাবে, সেটাও তিনিই ঠিক করবেন। ইডি-র দাবির যৌক্তিকতার পরীক্ষাও তখনই হবে। আপাতত বহাল থাকছে অভিষেকের রক্ষাকবচ।












Click it and Unblock the Notifications