বিজেপির ডবল ইঞ্জিন সরকার আরও ক্ষতি করেছে, তৃণমূলে ভীত বিজেপি! মন্তব্য অভিষেকের
ইতিমধ্যে আগরতলাতে দাঁড়িয়েই ত্রিপুরাতে পরিবর্তনের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতায় দাঁড়িয়ে ফের একবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি। তৃণমূল কি পারবে সে রাজ্যে জোড়াফুল ফোটাতে
বিজেপি একমাত্র তৃণমূলকেই ভয় পায়! এমনটাই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। বিজেপি এবং জোটে থাকা কংগ্রেস এবং সিপিএমকে সমানে চ্যালেঞ্জ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসও। সে রাজ্যে মাটি কামড়ে পড়ে একাধিক শীর্ষ তৃণমূল নেতৃত্ব। আর এর মধ্যেই ফের একবার ত্রিপুরা উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যাওয়ার আগে ফের একবার ক্ষমতায় থাকা বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

ডবল ইঞ্জিন সরকার আরও ক্ষতি করেছে
এদিন ত্রিপুরা উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর দাবি, ত্রিপুরার মানুষ পরিবর্তন চায়। ভুল করে দীর্ঘ বাম শাসনেরর অপশাসন ঘটিয়ে ডবল ইঞ্জিনের ভাঁওতায় ত্রিপুরার মানুষ পা দিয়েছিল। কিন্তু বিগত কয়েক বছরে সে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন অভিষেক। তাঁর মতে, বাম আমলে ত্রিপুরায় জঘন্য পরিস্থিতি তৈরি হয়। এরপর বিজেপি আসলেও পরিস্থিতি উন্নতি নয়, বরং বিগত পাঁচ বছরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আরও ক্ষতি করেছে। আর সেই কারণে সেখানকার মানুষ পরিবর্তন চাইছে বলেই মন্তব্য ডায়মন্ডহারবারের সাংসদের।

একমাত্র ওরা তৃণমূলকে ভয় পায়
একই সঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, একমাত্র ওরা তৃণমূলকে ভয় পায়। আর তাই যেভাবেই হোক তৃণমূলকে আটকানোর চেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য তৃণমূল নেতার। শুধু তাই নয়, সভার কয়েক ঘন্টা স্থান বদল করা হচ্ছে। যারা মাঠ দিয়েছেন তাঁদের ভয় দেখানো হচ্ছে। এমনকি সভায় যাতে গাড়ি না দেওয়া হয় সেজন্যে গাড়ি ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন অভিষেক। আর এভাবে একটা রাজ্য এগোতে পারে না বলেও মন্তব্য তাঁর।

আগরতলায় তৃণমূল তাঁদের শক্তি প্রদর্শন করেন
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই একেবারে রাজধানী আগরতলায় তৃণমূল তাঁদের শক্তি প্রদর্শন করেন। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের উপস্থিতি হয় বিশাল র্যালি এবং সভা। আর সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন সাংসদ। বলেন, ডবল ইঞ্জিন মানে একটা সিবিআই এবং অপরটি ইডি! কেন্দ্রে রাজ্যে দু'জায়গাতেই দুর্নীতি করবে বলে মন্তব্যও করেন অভিষেক। একই সঙ্গে মমতা বলেন, ত্রিপুরা এবং বাংলা ভাই-বোনের মতো। বাংলার উন্নয়নের ভাগ ত্রিপুরা পাবে বলেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। আর প্রেক্ষাপটে অভিষেকের এদিনের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications