তৃণমূল এবার প্রচারে ঝড় তুলছে গোয়ায়, ‘দুই ফুলের যুগ’ প্রতিষ্ঠায় নয়া পরিকল্পনা অভিষেকের
তৃণমূল এবার প্রচারে ঝড় তুলছে গোয়ায়, ‘দুই ফুলের যুগ’ প্রতিষ্ঠায় নয়া পরিকল্পনা অভিষেকের
সৈকত-রাজ্য গোয়ায় ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভোট। তার আগে কোমর বেঁধে নামছে সমস্ত রাজনৈতিক দলই। কোন রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে এবার ভোট হবে তা এখনও সুস্পষ্ট নয়। তবে তৃণমূল এবার গোয়ায় পা রেখেই নয়া পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। দুই ফুলের যুগ প্রতিষ্ঠা করতে নয়া পরিকল্পনা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরব সাগর পারে গোয়ায় প্রচারে অভিষেক
বিধানসভা ভোট ঘোষণা হতেই গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরব সাগর পারে গোয়ায় ভোট নিয়ে একাধিক কর্মসূচি ও প্রকল্প ঘোষণা করতে পারেন তিনি। ইতিমধ্যেই গোয়া বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য নতুন গান তৈরি করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল।

নতুন গানের টিজার লঞ্চ করেছে তৃণমূল
সম্প্রতি নতুন গানের টিজার লঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস। এই টিজারের নাম 'দো ফুলঞ্চ কাল'। বাংলায় অর্থ করলে দাঁড়ায় 'দুই ফুলের যুগ'। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সফরে তৃণমূলের প্রচার গান উদ্বোধন করবেন। গোটা ভোটে ক্ষমতায় এলে গোয়াবাসীর জন্য নতুন প্রক্লপ আনা হবে, তা নিয়েই প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গোয়ায় ভোট প্রচারে পরিকল্পনা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার গোয়ায় যাচ্ছেন। ১২ জানুয়ারি পর্যন্ত তিনি গোয়া সফর করবেন। চার দিন তিনি গোয়ায় থেকে বিধানসভা নির্বাচনের প্রচার পরিকল্পনা প্রস্তুত করবেন। গোয়ায় সংগঠনকে জোরদার করে প্রচারে ঝাঁপানোর পরিকল্পনায় কোনও ফাঁক রাখতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দুবার গোয়া সফর করে গিয়েছেন। এবার নয়া প্রচার পরিকল্পনা নিয়ে গোয়ায় ঝাঁপাচ্ছেন অভিষেক।

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে তৃণমূল
রাজনৈতিক মহল মনে করছে, এবার গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেন। গোয়ায় সংগঠনকে সঙ্ঘবদ্ধ করতে এই মুহূর্তে সাংসদ মহুয়া মিত্রের পাশাপাশি সাংসদ সুস্মিতা দেব ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকে কো-ইনচার্জ করে পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মহিলা ভোট-ব্যাঙ্কে থাবা বসাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। গোয়াবাসীর মন জয় করতে তৃণমূল জিতলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে গৃহলক্ষ্মী প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এই প্রকল্পে প্রতি পরিবার মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন।

বিজেপিকে হারাতে তৃণমূলে শুরু প্রচার-ঝড়
এছাড়া ছাচ্রছাত্রীদের জন্য যুবশক্তি কার্ড নিয়ে আসা হয়েছে। ছোট রাজ্য গোয়াকে টার্গেট করে তৃণমূল চাইছে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে। তৃণমূলের পক্ষে প্রচার-ঝড় তুলতে আবার গানও বাঁধা হয়েছে। দুই ফুলের যুগ নামে সেই টিজার প্রকাশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ার নির্বাচন ঘোষণার পর বিজেপিকে হারাতে তৃণমূল এবার এখানে ঝড় তুলতে চাইছে। প্রতিষ্ঠা করতে চাইছে দুই ফুলের যুগ।












Click it and Unblock the Notifications