দল ভাঙানোর ছক কষছে বিজেপি! পিকের সঙ্গে বৈঠক সেরেই গোয়া গেলেন অভিষেক
দল ভাঙানোর ছক কষছে বিজেপি! পিকের সঙ্গে বৈঠক সেরেই গোয়া গেলেন অভিষেক
গোয়াতে বড় ধাক্কা খেতে পারে বিজেপি! ভোট শেষে বুথ ফেরত সমীক্ষাতে এমনটাই ইঙ্গিত মিলেছে। একক বৃহত্তম দল হয়ে ওঠার লড়াই এবারও বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে। এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় যে আভাস উঠে এসেছে, তাতে স্পষ্ট কংগ্রেস বা বিজেপি যে কেউ বৃহত্তম দল হতে পারে। তবে তাৎপর্যপূর্ণভাবে গোয়ায় এবার তৃণমূল কংগ্রেস কিং-মেকারের ভূমিকা নিতে চলেছে। এমনটাই তথ্য উঠে এসেছে। আর এই তথ্য সামনে আসার পরেই তৎপরতা তৃণমূলস্তরে।

দল ভাঙানোর আশঙ্কা
আর এই অবস্থায় কংগ্রেসের (Congress) তরফে দাবি করা হয়েছে তারাই গোয়ার নির্বাচনে জয়ী হবে। দলের তরফে গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা পি চিদাম্বরম (P Chidambaram) বলেছেন, কংগ্রেস যদি সেখানে এক গরিষ্ঠতাও পায় তাহলেও অবিজেপি দলগুলিকে একসঙ্গে করে সরকার গঠনের চেষ্টা করা হবে। কার্যত নাম না করে তৃণমূলকে পাশে পাওয়ার চেষ্টা কংগ্রেসের। অন্যদিকে দল ভাঙানোর আশঙ্কায় ভুগছে কংগ্রেস। ফলাফল প্রকাশের পরেই দ্রুত যাতে কংগ্রেস বিধায়কদের সরিয়ে দেওয়া সম্ভব হয় সেই প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে। পালটা বিজেপির তরফেও প্রস্তুতি শুরু হয়েছে।

গোয়াতে বিজেপি সরকার গঠন করবেই
জানা গিয়েছে, ইতিমধ্যে Maharashtrawadi Gomantak Party (MGP)-কে বার্তা দেওয়া হয়েছে বিজেপির তরফে। বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পরেই গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দল আমার উপর ভরসা রেখেছে। এই অবস্থায় তাঁর দাবি, গোয়াতে বিজেপি সরকার গঠন করবেই। কার্যত গোয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আর এই অবস্থায় গোয়া উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার নজরুল মঞ্চে দলের সাংগঠনিক বৈঠক ছিল।

গোয়া উড়ে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড
সেই বৈঠক শেষ করেই তড়িঘড়ি গোয়া উড়ে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তবে তাৎপর্যপূর্ণ ভাবে দীর্ঘদিন পর তৃণমূলের ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভোট কৌশলি প্রশান্ত কিশোর। মমতা এবং অভিষেকের সঙ্গেই একমঞ্চে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, গোয়া নিয়ে অভিষেক এবং প্রশান্ত কিশোরের মধ্যে একটি বৈঠক হয়েছে। মুলত রণকৌশল নিয়েই দুজনের কথা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে গোয়া পৌঁছেই আজ এমজিপির সঙ্গে বৈঠকে বসতে পারেন অভিষেক।

গোয়া এবার প্রথম লড়াই করছে তৃণমূল
মুলত বিজেপিকে রুখতে কোন পথে তৃণমূল এগোবে সেটা নিয়েই আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কছি বলা হয়নি। উল্লেখ্য, গোয়া এবার প্রথম লড়াই করছে তৃণমূল। অভিষেকের নেতৃত্বে ভিন রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথম লড়াই। অবশ্যই বড় চ্যালেঞ্জ তাঁর কাঁধে। শুধু তাই নয়, কলকাতায় দাঁড়িয়ে গোয়াতে নয় সরকার গঠন নয় তো প্রধান বিরোধী শক্তি হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই অবস্থায় কোন পথে তৃণমূল হাঁটে সেদিকেই নজর গোটা দেশের।












Click it and Unblock the Notifications