Delhi Assembly Polls 2025: মহিলাদের মাসিক ভাতা বেড়ে ২১০০ টাকা, দিল্লির ভোটের আগে মাস্টারস্ট্রোক কেজরির
Delhi Assembly Polls 2025: নতুন বছরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে মাস্টারস্ট্রোক আম আদমি পার্টির (Aam Aadmi Party)। মহিলা সম্মান যোজনার (Mahila Samman Yojana) আওতায় এবার মহিলাদের প্রতি মাসে ২ হাজার ১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। ইতিমধ্যেই সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে দিল্লির মন্ত্রিসভা ।
এতদিন ওই প্রকল্পে মাসে ১ হাজার টাকা করে পেতেন মহিলারা। তবে দিল্লিতে বিধানসভা নির্বাচনের মাস আগেই মহিলাদের জন্য বড় ঘোষণা করে দিলেন কেজরিওয়াল। বৃহস্পতিবার সকালেই মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি। এরপর মুখ্যমন্ত্রী আতিশী মারলেনাকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানান, মহিলাদের মাসিক ভাতা ২১০০ টাকা করা হল।

ফেব্রুয়ারি মাসের মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে বৃহস্পতিবার মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণার পরই শুক্রবার থেকে শুরু হবে প্রকল্পে নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া। কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, "আগামী ১০-১৫ দিনেই নির্বাচন ঘোষণা হবে। তাই এই মুহূর্তেই অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে না।"
আর্থিক দুর্নীতি নিয়ে কেজরির বিরুদ্ধে সরব রয়েছে বিজেপি (BJP)। প্রকল্প রূপায়ণের জন্য টাকা কোথা থেকে আসবে, এদিন সে প্রশ্নেও মুখ খোলেন কেজরিওয়াল। নিজেকে ম্যাজিশিয়ান বলে কেজরির স্পষ্ট বক্তব্য, "আমি জানি এর জন্য টাকা কোথা থেকে আসবে, কীভাবে তা খরচ করা হবে। আমি যা বলি তাই কাজে করে ছাড়ি।"
এদিকে আপ মহিলাদের ভাতা বাড়ানোর ঘোষণা করতেই পাল্টা কটাক্ষ দেগেছে বিজেপি। কেজরিওয়ালকে মিথ্যের রাজা বলে তোপ দাগেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেভা। আপ মিথ্যাচার করে বলে অভিযোগ তোলেন তিনি। পঞ্জাবে আপ একই প্রকল্প ঘোষণা করলেও আজ পর্যন্ত কেউ সেই টাকা পায়নি বলে দাবি করেন বিজেপি সভাপতি।
দিল্লিতে নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই আম আদমি পার্টি জনগণকে ললিপপ দেখাচ্ছে বলেও খোঁচা বিজেপির। দিল্লিবাসী শুধু মোদীর গ্যারান্টির উপরই ভরসা করে বলে মন্তব্য করেন সচদেভা। কেজরির ম্যাজিশিয়ান মন্তব্যেও পাল্টা খোঁচা বীরেন্দ্র সচদেভার। আবগারি নীতি কেলেঙ্কারিতেই কেজরিওয়ালের ম্যাজিক স্পষ্ট হয়ে গিয়েছে বলে তোপ বিজেপি সভাপতির।
২০২৪-২৫ সালের বাজেটেই মহিলাদের মাসিক ভাতা বাড়ানোর প্রকল্প ঘোষণা করা হবে বলে জানিয়েছে দিল্লির সরকার। কেজরিওয়ালের গ্রেফতারির জন্যেই এতদিন প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে বলে দাবি আপের।
মহিলাদের মাসিক ভাতা বৃদ্ধির উপর ভর করে ইতিমধ্যেই মহারাষ্ট্র, হরিয়ানায় ভোট বৈতরণী পার করেছে বিজেপি। একই কায়দায় ঝাড়খণ্ডে জয়ের মুখ দেখেছে হেমন্ত সোরেনের জেএমএম। আর এবার দিল্লির নির্বাচনেও মহিলা ভোট হাতিয়ার কেজরিওয়ালের আপের।












Click it and Unblock the Notifications