স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ আপ বিধায়কের, অভিযোগ প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতার
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : নির্বাচনে জয়ী হয়েই বিতর্কে জড়ালেন আম আদমি পার্টির নয়া বিধায়ক ধর্মেন্দ্র কোলি। অভিযোগ যে কংগ্রেস নেতাকে তিনি জনসর্থনের নিরিখে হারিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গে অশালীন আচরণ করেছেন ধর্মেন্দ্র। যদিও আপ-এর তরফে এটিকে মিথ্যা অভিযোগ বলা হয়েছে।
হার সহ্য করতে না পেরেই এই অভিযোগ কংগ্রেস নেতার : আপ
সিমানপুরী বিধানসভা কেন্দ্র থেকে আপ-এর ধর্মেন্দ্র কোলি ও তিনবারের কংগ্রেস বিধায়ক বীর সিং ধিনগান দাঁড়িয়েছিলেন। কংগ্রেস নেতার অবিযোগ, জিতে যাওয়ার পর ভিকট্রি ল্যাপ দিতে বেরিয়ে তাঁর বাড়িতেও যান ধর্মেন্দ্র। এবং সেখানেই তাঁর স্ত্রীর সঙ্গে অভদ্র আচরণ করেন আপ-এর তরুণ ওই নেতা।
এই অভিযোগ অস্বীকার করে ধর্মেন্দ্র কোলি বলেন, আমি ওঁদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। সারাদিন মিছিলেই তিনি ব্যস্ত ছিলেন বলে তাঁর দাবী। 'আমি সারাটা সময় হুট খোলা জিপেই ছিলাম। কারও বাড়িতে ঢোকার সময় আমার ছিল না। গাড়ি থেকে না নেমে আমি কীভাবে এমন কাজ করতে পারি? আমাকে কলুষিত করতেই এই ধরণের অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে।'
ধর্মেন্দ্র কোলির এই অভিযোগকে সমর্থন করে আপ-এর তরফে জানানো হয়েছে, আপ-এর অপ্রত্যাশিত জয়ে গায়ে জ্বালা ধরেছে কংগ্রেসের। দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতেই হেরে যাওয়া কংগ্রেস নেতা এই অভিযোগ তুলছেন বলেও দাবী আপ-এর। অভিযোগ সত্যি প্রমাণ হলে ধর্মেন্দ্র কোলিকে দল থেকে বহিষ্কার করা হবে, নচেৎ কংগ্রেসের ওই নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে বলেও দলের বিবৃতিতে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications