লোকসভা ভোটের দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল আপ

দলীয় সূত্রের খবর, উল্লেখযোগ্য যাঁরা এই তালিকায় রয়েছেন, তাঁরা হলেন রাজমোহন গান্ধী (পূর্ব দিল্লি), ধরমবীর ভারতী (পাটিয়ালা), মেজর সুরেন্দ্র পুনিয়া (সীকার), রাজা ভাট (শ্রীনগর), এইচ সি আর্য (আলমোড়া), রাজন সুশান্ত (কাংড়া), শামিনা খান (সাংলি), ভগবত রাজপুত (বিদিশা) প্রমুখ। রাজমোহন গান্ধী লড়বেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস হেভিওয়েট শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতের বিরুদ্ধে। এ ছাড়া আপ প্রার্থী নবীন জয়হিন্দ লড়বেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড়ার ছেলের দীপেন্দর সিং হুড়ার বিরুদ্ধে। এঁদের দ্বৈরথ হবে রোহতক লোকসভা কেন্দ্রে।
আম আদমি পার্টির তরফে যোগেন্দ্র যাদব বলেন, আগামী পাঁচদিনের মধ্যে সব নাম দলের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। প্রার্থীদের ব্যাপারে কারও কোনও আপত্তি থাকলে ওয়েবসাইটেই জানাতে পারবেন।
এর আগে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। সেখানে কুমার বিশ্বাস, আশুতোষ, মুকুল ত্রিপাঠী, অঞ্জলি দামানিয়া, যোগেন্দ্র যাদব, মেধা পাটেকর, মীরা সান্যাল, ময়ঙ্ক গান্ধী, যোগেশ দাহিয়া প্রমুখের নাম রয়েছে। এবারের লোকসভা ভোটে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আপ। ফলে, পরপর আরও কয়েক দফায় বাকি প্রার্থীদের নাম ঘোষণা করবে তারা। উত্তর ভারত বিশেষত দিল্লিতে আম আদমি পার্টি কংগ্রেস এবং বিজেপি-র ভালো ভোট কাটবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications