আপের সঙ্গে কংগ্রেসের সখ্যতা বাড়ছে! সোনিয়ার বার্তায় ‘ইন্ডিয়া’ জোট আরও জোরদার
বিরোধী জোটের প্রথম বৈঠকেই তাল কেটে গিয়েছিল। কংগ্রেসের অর্ডিন্যান্স অবস্থান নিয়ে উষ্মাপ্রকাশ করেছিল আপ। এমনকী আপ সুপ্রিমো কেজরিওয়াল বৈঠক ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু বৈঠক দ্বিতীয় বৈঠকের আগেই কংগ্রেস আম আদমি পার্টিকে সমর্থন দিতেই জোরদার হয় জোট। ২৬ বিরোধী দলের ঐক্যে গড়ে ওঠে 'ইন্ডিয়া'।
সেই 'ইন্ডিয়া'র মঞ্চকে আরও শক্ত হাতে বাধল সংসদে মণিপুর হিংসা ও নারী নির্যাতনের প্রতিবাদ। মণিপুরের ঘটনার প্রতিবাদে রাজ্যসভা থেকে সাময়িক বরখাস্ত করার পর আপ সাংসদ সঞ্জয় সিংয়ের প্রতি সমর্থন দিয়েছেন সোনিয়া গান্ধী। কংগ্রেস হাইকম্যান্ডের বার্তা যে বিরোধী জোটকে আরও শক্তিশালী করবে, তা বলাই বাহুল্য।

সংসদ চত্বরে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী বলেন, আপনার সঙ্গে আমার সমর্থন রয়েছে। তিনি আজ আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে পার্লামেন্টে মণিপুর ইস্যুতে বিরোধীদের আন্দোলন পরিচালনার প্রশংসা করেছেন। এই পদক্ষেপটি দুটি দলের মধ্যে নতুন বন্ধুত্বের সূচনা করবে বলেই অভিমত রাজনৈতিক মহলের।
কংগ্রেসকে সরিয়ে দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকে আম আদমি পার্টির সঙ্গে একেবারেই সুসম্পর্ক ছিল না সোনিয়া-রাহুল গান্ধীদের। কিন্তু বিজেপি বিরোধী জোটের মঞ্চে তাদেরকে কাছাকাছি এনেছে। আর বিরোধী জোটের মঞ্চ 'ইন্ডিয়া'র হয়ে সম্মিলিত প্রতিবাদ তাদের আরও কাছে এনে দিয়েছে।
'ইন্ডিয়া' জোটের সদস্যরা সংসদের বাইরে তাঁবু খাঁটিয়েছেন। লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবিতে স্বর চড়েছে। এই ঘটনায় রাজ্যসভা থেকে সাময়িক বরখাস্ত করা হয় আপ সাংসদ সঞ্জয় সিংকে। গতকাল রাতে গান্ধী মূর্তির কাছে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

এই অবস্থায় একটি ভিডিও টুইট করেছেন আপ সাংসদ সঞ্জয় সিং। তিনি টুইটে লেখেন, "প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আমার সঙ্গে দেখা করেছিলেন এবং মণিপুর হিংসার বিরুদ্ধে 'ইন্ডিয়া' দ্বারা পরিচালিত আন্দোলনের বিষয়ে তিনি বলেন-আমার সমর্থন আপনার সঙ্গে রয়েছে।"
মণিপুরের জন্য প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন আম আদমি পার্টি থেকে শুরু করে কংগ্রেস, তৃণমূল, সিপিএমসহ সমস্ত বিরোধী দলের নেতারা। তাঁদের দাবিতে জুড়ে গিয়েছিল আপের রাজ্যসভা সাংসদকে ফিরিয়ে আনার বিষয়টিও। এই ইস্যু ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়ে দিচ্ছে বলেই অভিমত বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, মণিপুর নিয়ে সংসদ উত্তাল করেই শুধু ক্ষান্ত নয় বিরোধী মহাজোট। তাঁরা এই বিষয়ে সংসদে উভয়কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে এবার অনাস্থা প্রস্তাব পেশ করেছেন। শুক্রবার অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হবে। সেখানেই 'ইন্ডিয়া' জোটকে তুলে ধরা অন্যতম লক্ষ্য বিরোধী দলগুলির।












Click it and Unblock the Notifications