দিল্লিতে ভোটগ্রহণের মাত্র ৪ দিন আগে পূর্ণাঙ্গ ইস্তেহার প্রকাশ আম আদমি পার্টির
বাকি মাত্র ৪ দিন। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এসে নির্বাচনের জন্যে ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি। ইস্তেহার প্রকাশ করেন অরবিন্দ কেজরিওয়াল নিজে। জানা গিয়েছে ইস্তেহারের খসড়া তৈরি করেছেন অতিশি, জ্যাসমিন শাহ এবং প্রাক্তন কংগ্রেস সাংসদ ও আইপিএস আধিকারিক অজয় কুমারের তদারকিতে। এদিকে নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেই বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

যেসব দিকে নজর ইস্তেহারে
জল ও বায়ুদূষণে দেশের রাজধানীর স্থান সবার ওপরে। সেই দিকটির দিকে নজর দিয়ে দূষণমুক্ত দিল্লি গড়ে তোলা, স্বচ্ছ পানীয় জলের প্রিশ্রুতি দিয়েছে আপ। তাছাড়া উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, বাড়ি পর্যন্ত রেশন সরবরাহ, ১০ লক্ষ প্রবীণ নাগরিককে বিনামূল্যে তীর্থযাত্রা করার সুবিধার কথাও রয়েছে ইস্তেহারে। বিজেপি ও কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পর শেষ দফায় নিজেদের ইস্তেহার প্রকাশ করে।

দিল্লির নির্বাচন এখন মূলত আম আদমি পার্টি বনাম বিজেপি
খাতায় কলমে তিনমুখী লড়াই হলেও দিল্লির নির্বাচন এখন মূলত আম আদমি পার্টি বনাম বিজেপি। মাঝে আম আদমি পার্টির সঙ্গে জোট বাধতে চেয়েও শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসু না হওয়ায় পিছনে হটে কংগ্রেস। ২০১৫ সালে ৭০টির মধ্যে ৬৭টি আসনই জিতেছিল আম আদমি পার্টি। এদিকে দিল্লির তিনটি মিউনিসিপাল ক্রপোরেশন রয়েছে বিজেপির দখলে। পাশাপাশি লোকসভা নির্বাচনে দিল্লির ৭টির মধ্যে ৭টি আসনেই জিতেছিল বিজেপি। সেই অর্থে কংগ্রেস ভোট কাটলেও ক্ষমতা দখলের ক্ষেত্রে প্রায় অপ্রাসঙ্গিক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শাহিনবাগ নিয়ে মানুষকে উস্কে ভোটে জিততে চাইছে বিজেপি
এদিকে ইস্তেহার প্রকাশ করে কেজরিওয়াল প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বুধবার দুপুর ১টার মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করুন। বিজেপি সেটি না করলে প্রয়োজনে খোলা বিতর্ক করতে রাজি বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে রাখলেন কেজরিওয়াল। তিনি আরও অভিযোগ করেন কোনও ইস্যু না থাকায় বিজেপি ও অমিত শাহ শাহিনবাগ নিয়েই মানুষকে উস্কে ভোটে জিততে চাইছেন।

কেজরিওয়াল কা গ্যারান্টি কার্ড
এর আগে কেবলমাত্র 'কেজরিওয়াল কা গ্যারান্টি কার্ড' প্রকাশ করেছিলেন কেজরিওয়াল। সেই কার্ডে পাঁচ বছরে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং বিনামূল্যে ২০,০০০ লিটার জলের গ্যারান্টির কথা বলা হয়েছিল। প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে বাস চলাচল এবং বিনামূল্যে তীর্থযাত্রার পরিকল্পনাও থাকছে ছিল সেই কার্ডে।

কী বলছে আগের পরিসংখ্যান
২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সেখানে পেয়েছিল ৫৪.৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩৩.২ শতাংশ ভোট। গতবছর সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচনে আবার পাল্লা ভারী হয় বিজেপির। তারা পায় ৫৬.৫ শতাংশ ভোট। আম আদমি পার্টি সেখানে কংগ্রেসেরও নিচে নেমে যায়। তাদের ঝুলিতে আসে ১৮.১ শতাংশ ভোট। কংগ্রেস পায় ২২.৫ শতাংশ ভোট।












Click it and Unblock the Notifications