আধার কার্ড থাকবে না বাতিল হবে! বুধবার রায় জানাবে সুপ্রিম কোর্ট
২৬ সেপ্টেম্বর, বুধবার সুপ্রিম কোর্ট আধার নিয়ে হওয়া একগুচ্ছ মামলাকে একত্রিত করে রায় জানাবে।
২৬ সেপ্টেম্বর, বুধবার সুপ্রিম কোর্ট আধার নিয়ে হওয়া একগুচ্ছ মামলাকে একত্রিত করে রায় জানাবে। আধার আইন ২০১৬-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। এই আইন গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকারকে খর্ব করছে বলে অভিযোগ উঠেছে।

মুখ্য বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এই মামলার রায় দেবে। বাকী চারজন হলেন, বিচারপতি একে সিকরি, এএম খানউইলকর, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ।
গত ১০ মে শুনানির পরে আদালত রায় স্থগিত রাখে। মোট ৩৮টি শুনানি হয়েছিল যা শুরু হয় জানুয়ারির ১৭ তারিখে। এটাই সুপ্রিম কোর্টের ইতিহাসে শুনানির দিন হিসাবে চলা দীর্ঘতম মামলা। এর আগে ১৯৭৩ সালে কেশবনন্দ ভারতী মামলাটি সবচেয়ে বেশিদিন শুনানি হয়েছে। সেই মামলায় ১৩ বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল।
আধার মামলায় বিরোধীরা পিটিশনে জানায়, আধারে ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখা হয়নি। কোনও উপযুক্ত কারণ ছাড়াই আধারের তথ্য নেওয়া হয়েছে। কোনও উপযুক্ত 'ডেটা প্রোটেকশন ফ্রেমওয়ার্ক' ছাড়াই আধারের তথ্য নেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে বেঞ্চ অবশ্য জানিয়েছে, আধারের মতো আইনের রেগুলেটর প্রয়োজন। যা এই মুহূর্তে নেই।












Click it and Unblock the Notifications