'কাক' বসায় নিজের গাড়ি পাল্টে ফেললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী!
বেঙ্গালুরু, ১৩ জুন : নিরীহ একটা কাক এসে বসেছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দুধসাদা গাড়িতে। তুচ্ছ কাক কি আর জানত সে কতো গুরুতর কাজ করেছে? তবে ঘটনাটি যে গুরুতর তা নিজেই প্রমাণ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।
গত ২ জুন নিজের বাসভবনের বাইরে রাখা গাড়িতে একটি বাচ্চা কাক এসে বসে। হাজারো চেষ্টা করে, ভয় দেখিয়েও কাকটিকে তাড়াতে ব্যর্থ হন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার পর মাত্র দশ দিনের মধ্যে নিজের গাড়ি পাল্টে ফেললেন সিদ্দারামাইয়া। রাজকোষে ধস নামিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের একটি নতুন গাড়ি কিনে ফেলেছেন তিনি।

জানা গিয়েছে, কাকটি গাড়ি বসার ঘটনা জানিয়ে জ্যোতিষীর পরামর্শ নেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। এরপরে জ্যোতিষীর কথাতেই একেবারে গাড়ি পাল্টে ফেললেন তিনি। কারণ জ্যোতিষী নাকি গাড়িতে কাক বসার ঘটনাকে অশুভ বলে বর্ণনা করেছেন।
এই ঘটনা সামনে আসতেই ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছেন সিদ্দারামাইয়া। কারণ এর আগে কুসংষ্কার ও কালা জাদুর বিরুদ্ধে তিনি নানা সময়ে সরব হয়েছেন। সেই মানুষ কীভাবে সামান্য কাকের কারণে অন্ধবিশ্বাসের বশে গাড়ি পাল্টে ফেললেন সেই নিয়েই প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, এর আগে নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। একবার ৭০ লক্ষ টাকার ঘড়ি হাতে লাগিয়ে বিতর্ক তৈরি করেছিলেন। আর একবার বেঙ্গালুরুর তীব্র যানযট কীভাবে কমানো যায় তা নিয়ে প্রশ্ন করা হলে তাঁর মন্তব্য ছিল, এটুকু আমজনতাকে সহ্য করতেই হবে। সরকারের কিছু করার নেই।












Click it and Unblock the Notifications