'বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ'! বিবাহিত মহিলারা এই অভিযোগ করতে পারবেন না! রায় সুপ্রিম কোর্টের
সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক যদি পরে খারাপ হয়ে যায় তাহলে শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতির অভিযোগ তুলে ধর্ষণের মামলা করা যায় না, ঠিক এরকমই স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, এরকম ধরনের মামলায় আইনি অপব্যবহারের আশঙ্কা রয়েছে।

বিচারপতি বি ভি নাগরত্না (B V Nagarathna) এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া (Ujjal Bhuyan)-র বেঞ্চ জানায় যে, কোনও মহিলা যদি নিজের বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে যান এবং পরে সেই সম্পর্ককে 'বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি' বলে ধর্ষণের অভিযোগ তোলেন, তবে এই অভিযোগ কোনওভাবেই আইনসম্মত নয়। কারণ, তিনি নিজেই তখন আইন অনুযায়ী বিয়ের যোগ্য বলে গণ্য নন।
এই মামলায় এক আইনজীবীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দেয় আদালত। অভিযোগকারী ওই মহিলা একজন আইনজীবী ছিলেন। আদালতের পর্যবেক্ষণ অনুসারে, এটি ছিল এক সম্মতিপূর্ণ সম্পর্ক, যা পরে তিক্ততায় বদলে গিয়েছিল।
আদালত আরও উল্লেখ করে যে, হিন্দু বিবাহ আইন অনুসারে স্বামী অথবা স্ত্রী যদি জীবিত থাকে তাহলে দ্বিতীয় বিয়ে আইনত নিষিদ্ধ। ফলে এরকম কোনও বিয়ের প্রতিশ্রুতি আইনের চোখে কার্যকর হতে পারে না।
সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানায় যে, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখার ক্ষেত্রে আদালতগুলিকে অত্যন্ত সতর্ক হতে হবে, যাতে প্রকৃত মামলার সাথে আইন অপব্যবহারের ঘটনা গুলিয়ে না যায়।












Click it and Unblock the Notifications