রেললাইনের ধারে প্রস্রাব করছিলেন, বন্দে ভারতের ধাক্কায় গরু এসে পড়ল ঘাড়ে, তারপর...
একেই বলে নিয়তি। রেললাইনের ধারে প্রস্রাব করছিলেন এক ব্যক্তি। তখনই আচমকাই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় একটি গরু ছিটকে এসে পড়ল ওই ব্যক্তির উপর। এর ফলে মৃত্যু হল ওই ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনা ঘটে রাজস্থানের আলওয়ারে।
রাজস্থানের আলওয়ারে বন্দে ভারত এক্সপ্রেসের সামনে এসে পড়ে একটি গরু। ট্রেনের ধাক্কা গরুটি ছিটকে পড়ে। এর ফলে শুধু গরুটির মৃত্যু ঘটেনি। ৩০ মিটার দূরে রেল ট্র্যাকের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তর গায়ে গিয়ে পড়লে, তাঁরও মৃত্যু হয়। বুধবারের এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজস্থানের আলওয়ারের আরাবলি বিহার থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শিবদয়াল শর্মা। ওই ব্যক্তি ২৩ বছর আগে ভারতীয় রেলে এক ইলেকট্রিশিয়ানের পদে কর্মরত ছিলেন। এখন তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী।
মৃত অবসরপ্রাপ্ত রেলকর্মী শিবদয়ালের আত্মীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টা নাগাদ কালী মোরি গেট থেকে ছেড়ে যাওয়া বন্দে ভারত ট্রেনের সামনে পথে একটি গরু আসে। গরুর সঙ্গে সংঘর্ষের প্রভাবটি এতটাই মারাত্মক ছিল যে গরুর শরীরের একটি অংশ ৩০ মিটার দূরে শিবদয়ালের উপর পড়ে যায়।

সেইসময় শিবদয়াল রেল ট্রাকের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবদয়ালের। বুধবার সকালে শিবদয়ালের দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের একের পর এক ঘটনা ঘটেই চলেছে।
সর্বাধিক সংখ্যক বন্দে ভারত এক্সপ্রেস চলছে মুম্বাই-গুজরাতে। চালু হয়েছে অন্যান্য রাজ্যেও। আর যেখানে চালু হচ্ছে সেখানেই ঘটছে একের পর এক ঘটনা। চালু হওয়ার কয়েক দিনের মধ্যে মুম্বাই-গান্ধীনগর বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ৬ অক্টোবর গবাদি পশুর সঙ্গে সংঘর্ষের পরে সামান্য ক্ষতির সম্মুখীন হয়।

পরের দিন আবার ওই ট্রেনটিই আনন্দ স্টেশনের কাছে একটি গরুকে ধাক্কা মারে। তার ফলেও ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত। তার আগে গত বছর ৮ অক্টোবর ট্রেনটি ডানকাউর এবং ওয়্যার স্টেশনের মধ্যে সি ৮ কোচের ট্র্যাকশন মোটরটির বিয়ারিং ত্রুটি ধরা পড়ে।
আবার ২৯ অক্টোবর মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস গুজরাতের ভালসাদে অতুলের কাছে একটি গবাদি পশুকে ধাক্কা মারে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ট্র্যাকে গবাদি পশুর সঙ্গে সংঘর্ষ অনিবার্য এবং সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেনের ডিজাইন করার সময় এই বিষয়টি মাথায় রাখা হয়েছে। বন্দে ভারত প্রায় ১৩০-১৬০ কিলোমিটার গতিতে ছুটছে।












Click it and Unblock the Notifications