আমেথিতে যদি হারেন, আগামী পাঁচ বছরে 'দক্ষিণ ভারতীয়' রাহুল গান্ধীর রাজনৈতিক গুরুত্ব কমবে অনেকটাই
আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। সকালের প্রবণতা বলছে বিপুল জনাদেশ নিয়ে ফের ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী।
আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। সকালের প্রবণতা বলছে বিপুল জনাদেশ নিয়ে ফের ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। যদি মোদীর বিজেপি একক ক্ষমতায় সরকার গঠন করে, তবে তা সেই ষাটের এবং সত্তরের দশকের পরে এই প্রথমবার হবে। এর আগে ১৯৬৭ এবং ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী পর পর দু'বার বিপুল মতাদেশ নিয়ে সরকার গঠন করেছিলেন।

অন্যদিকে, সকালের দিকে নিজের কেন্দ্র আমেথি থেকে পিছিয়ে ছিলেন কংগ্রেস সভাপতি। যদিও এবারের নির্বাচনে তাঁর দ্বিতীয় কেন্দ্র কেরালার ওয়ানাডে তিনি এগিয়ে ছিলেন। আমেথিতে রাহুলের প্রধান প্রতিপক্ষ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি যাঁকে রাহুল গতবার এক লক্ষ সাত হাজার ভোটে হারিয়েছিলেন।
রাহুল আমেথি থেকে জিতলে ভালো কিন্তু যদি তিনি কোনওভাবে হেরে যান উত্তরপ্রদেশের এই 'গান্ধী ঘাঁটি'তে, তাহলে তা তাঁর এবং তাঁর দলের পক্ষে হবে চূড়ান্ত লজ্জাজনক ঘটনা।
আমেথিতে রাহুল গান্ধী হারলে তা প্রতীকী বিপর্যয় কংগ্রেসের কাছে
আমেথিতে বংশপরম্পরায় গান্ধীরা জিতে আসছেন ১৯৮০ সাল থেকে। প্রথমে সঞ্জয় গান্ধী এবং পরে রাজীব গান্ধী এবং ১৯৯৯ সালে সোনিয়া গান্ধীর পর ২০০৪ সাল থেকে এখানে টানা জিতে আসছেন রাহুল। বিজেপি এই কেন্দ্রে এখন পযন্ত একবারই জিতেছে, ১৯৯৮ সালে।
রাহুল গান্ধী আমেথিতে হেরে গেলে তা শুধু একটি পরিসংখ্যানগত ঘটনা হবে না; ভারতীয় রাজনীতির একটি প্রতীকী পরিবর্তনও হবে। গতবার সারা উত্তরপ্রদেশে কংগ্রেস দু'টিমাত্র আসন জিতেছিল এবং ওই দুটি ছিল সোনিয়া এবং রাহুলের। এবারে যদি সে দুটিও ফস্কায়, বুঝতে হবে কংগ্রেসের কপালে ঘোর দুর্ভোগ নাচছে। ওয়ানাডে যদিও বা রাহুল জেতেন, তা 'নাকের বদলে নরুন পেলুম' ধরনের সাফল্য হবে।
একে এসপি, বিএসপি প্রার্থী দেয়নি এই কেন্দ্রে, তাও যদি জিততে না পারেন
একে আমেথিতে এবারে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি প্রার্থী দেয়নি। তারপরেও বিজেপির এক তুলনামূলকভাবে অখ্যাত প্রতিপক্ষের কাছে হারা মানে তা রাহুল ও কংগ্রেসের চূড়ান্ত বেইজ্জতি। ওয়ানাডে জয় পেলেও তা আসবে দুর্বল থেকে দুর্বলতর বামেদের বিরুদ্ধে যারা রাহুলের প্রধান প্রতিপক্ষ নয়। আমেথিতে অঘটন ঘটলে পরবর্তী পাঁচ বছরে সংসদে রাহুল থাকবেন কার্যত পরাজিত সৈনিক হিসেবেই, বিজেপির কাছে এবং সর্বভারতীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব আরও কমবে যা কংগ্রেসের পক্ষে মোটেই সুখবর নয়।












Click it and Unblock the Notifications