আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল পাটনার সিভিল কোর্ট! আহত এক পুলিশ অফিসার, উত্তেজনা
হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল বিহারের পাটনার সিভিল কোর্ট। শুক্রবার জনাকীর্ণ সিভিল কোর্ট চত্বরে একটি বোমা ফেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কী করে হল এই বিস্ফোরণ? এই ঘটনায় এক পুলিশ অফিসার জখম হন।
হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল বিহারের পাটনার সিভিল কোর্ট। শুক্রবার জনাকীর্ণ সিভিল কোর্ট চত্বরে একটি বোমা ফেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কী করে হল এই বিস্ফোরণ? এই ঘটনায় এক পুলিশ অফিসার জখম হন। তাঁকে চটজলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হতেই প্রকাশ্যে আসে আসল কারণ।

ওই পুলিশ অফিসার তদন্তের স্বার্থে বোমা নিয়ে এসেছিলেন কোর্টে। বোমাগুলি নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। তা সত্ত্বেও আচমকা একটি বোমা ফেটে যায়। সেই বোমার আঘাতে এক পুলিশ অফিসার আহত হন। পাটনা পুলিশের ওই সাব-ইন্সপেক্টর তাঁর হাতে আঘাত পেয়েছেন। তবে তিনি বিপদমুক্ত বলেই জানা গিয়েছে।
বিহার পুলিশের তরফে এসএইচও সাবিউল হক বলেন, ঘটনাস্থলটি পীরবাহো থানা এলাকার মধ্যে পড়ে। আহত এসআইয়ের নামে উমাকান্ত রায়। তিনি পাটনার কদম কুয়ান থানায় কর্মরত আছেন। সম্প্রতি তাঁর এলাকায় কিছু বোমা উদ্ধার করা হয়। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। ধৃতদের তোলা হয় পাটনা সিভিল কোর্টে। সেখানে স্বাভাবিক তদন্ত পদ্ধতির অংশ হিসাবে ওই পুলিশ অফিসার উদ্ধার হওয়া বোমাগুলি নিয়ে আসেন। তখনই ঘটে বিস্ফোরণ।
তিনি জানান, বোমাগুলো একটি বাক্সে করে নিয়ে এসেছিলেন তিনি। তারপর তা সংশ্লিষ্ট সহকারী প্রসিকিউশন অফিসারের টেবিলে রেখেছিলেন। সেইসময়ই একটি বোমা বিস্ফোরিত হয়। তখন আদালতে উপস্থিত ছিলেন অনেকেই। যে পুলিশ অফিসার জখম হয়েছেন তিনিই বোমাগুলি তুলে রাখছিলেন। হঠাৎ বিস্ফোরণে তাঁর হাত জখম হয়।
আদালতে উপস্থিত বিচারপ্রার্থী ও স্থানীয়রা জানান তাঁরা প্রাথমিকভাবে মনে করেছিল, কোনও গাড়ির টায়ার ফেটে গিয়েছে। বিস্ফোরণের শব্দটি টায়ার ফেটে যাওয়ার শব্দ বলে মনে হলেও তা আদতে ছিল বোমা ফাটার শব্দ। তারপরই জানা যায় আদালতে বোমা বিস্ফোরণ হয়েছে। এই ঘটনা মারাত্মক রূপ নিতে পারত। বড়সড় বিপদ হয়নি এটাই যা স্বস্তির।
এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বোমাগুলি ঠিকমতো নিষ্ক্রিয় করা হয়েছিল কি না, তা নিয়েই উঠে পড়েছে প্রশ্ন। নিশ্চয়ই কোনও গাফিলতি ছিল, তা না হলে এমন ঘটনা কেন ঘটবে। নাকি এর মধ্যেও কোনও অন্তর্ঘাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি বোমা কী করে সক্রিয় রয়ে গেল, তা অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনকে। নিরপেক্ষ তদন্ত করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পীরবাহোর এসএইচও।












Click it and Unblock the Notifications