করোনার মাঝেই ফিরল নিপা ভাইরাসের আতঙ্ক, কেরলে মৃত্যু ১২ বছরের কিশোরের
করোনার মাঝেই ফিরল নিপা ভাইরাসের আতঙ্ক
করোনা ভাইরাসের চোখ রাঙানি তো রয়েছে, তার সঙ্গে কোভিডের তৃতীয় ওয়েভের আশঙ্কাও মারাত্মক এ রাজ্যে, তারই মাঝে ফিরল নিপা ভাইরাসের আতঙ্ক। রবিবার কেরলের কোঝিকোড়ে জেলায় এই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ১২ বছরের কিশোরের। তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। শনিবারই সেই কিশোরে অবস্থার অবনতি হয়, যার ফলে রবিবার ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় ওই কিশোরের।

প্রথম নিপা ভাইরাসের কেস
জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর এই কিশোরের অবস্থা প্রথম রিপোর্ট করা হয় নিপা ভাইরাস কেস হিসাবে। তার শরীরে এনসেফালাইটিস ও মাইওকার্ডিটিস উপসর্গ দেখা দেয়। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজি নিশ্চিত করে যে কেরল থেকে পাওয়া ওই নমুনা নিপা ভাইরাসের।

কোঝিকোড়ে পরিদর্শনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী
কেরলের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন যে বেসরকারি হাসপাতালে প্রথমে ১২ বছরের ওই কিশোরকে ভর্তি করা হয়েছিল, এরপর তাকে মেডিক্যাল কলেজে ভর্তি করার পর ফের তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বলেন, 'গতকাল আমাদের ওই জেলার সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছিল। আমরা ঠিক করেছি যে পরিস্থিতি সামাল দিতে দল গঠন করব। কনট্যাক্ট ট্রেসিং ও অন্যান্য সতর্কতার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশেষ অফিসার নিয়োগ করব।' কেরলের মন্ত্রী পিএ মহম্মদ রিয়াজের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কোঝিকোড়ে পরিদর্শনে করবেন। বীণা জর্জ বলেন, 'এখনও পর্যন্ত আতঙ্কের কোনও কারণ নেই। কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই মুহুর্তে, কিশোরের পরিবার বা অন্য কোনও পরিচিতিদের কারও কোনও উপসর্গ নেই।'

কেন্দ্রের হস্তক্ষেপ
ইতিমধ্যেই কেরলে কেন্দ্রের পক্ষ থেকে ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি)-এর দলকে পাঠানোর ব্যবস্থা হয়েছে প্রযুক্তিগত সহযোগিতার জন্য। রবিবারই সেই দল কেরলে পৌঁছাবে।
আপৎকালীন জনস্বাস্থ্য সতর্কতাগুলি কেন্দ্রের পক্ষ থেকে মেনে চলতে বলা হচ্ছে-
১) পরিবার, গ্রাম এবং একই ধরনের টপোগ্রাফি (বিশেষত মালাপ্পুরাম) সহ সক্রিয় কেসের অনুসন্ধান
২) গত ১২ দিনের সক্রিয় কনট্যাক্ট ট্রেসিং
৩) সংস্পর্শে আসা ব্যক্তিদের কড়া কোয়ারেন্টাইনে এবং সন্দেহ রয়েছে এমনদের আইসোলেশনে রাখতে হবে।
৪) নমুনা সংগ্রহ এবং তা ল্যাবে পাঠানোর বন্দোবস্ত।

নিপা ভাইরাস কি
জুনোটিক ভাইরাস হিসাবে পরিচিত এই নিপা আসলে প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এই ভাইরাসটি বাদুড়ের লালা থেকে ছড়িয়ে পড়ে। সাধারণ এটা শূকর, কুকুর, ঘোড়া সহ অন্যান্য প্রাণীদের আক্রান্তের পাশাপাশি মানুষের মধ্যেও ছড়ায়। নিপা ভাইরাসের ফলে আক্রান্ত বক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।












Click it and Unblock the Notifications