'দেওয়ালে বসে' ১১ টি রাজনৈতিক দলের ৯১ জন সাংসদ! ২৪-এর নির্বাচনে NDA না INDIA কার পক্ষে, জোর জল্পনা
দেশের অন্তত ৬৫ টি রাজনৈতিক দল বিজেপি বা কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ (NDA) কিংবা ইন্ডিয়ায় (INDIA) যোগ দিয়েছে। এছাড়াও কোনও পক্ষেই নেই এরকম ১১ টি রাজনৈতিক দলের ৯১ জন সাংসদ রয়েছে। তাঁরা কার্যত দেওয়ালের ওপরে বসে রয়েছেন। লোকসভা নির্বাচনের (Loksabha election) আগে তাঁদের নিয়ে শুরু জল্পনা।
মঙ্গলবার পরিষ্কার হয়ে গিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগদানকারী দলের সংখ্যাটা আপাতত ৩৯ আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়াতে যোগদানকারী দলের সংখ্যা আপাতত ২৬। আপাতত এই কারণেই লোকসভা নির্বাচনের আগে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীতে দলের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

১১ টি রাজনৈতিক দলের ৯১ জন সাংসদের মধ্য তিন রাজ্য ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাই দুই তৃতীয়াংশ। এই তিন রাজ্য থেকে লোকসভায় আসন সংখ্যা ৬৩। আর এই তিন রাজ্যের তিন আঞ্চলিক দল যথাক্রমে বিজু জনতাদল, ওয়াইএসআর কংগ্রেস এবং ভারত রাষ্ট্রীয় পার্টিই অধিকাংশ আসন দখলে রেখেছিল গত নির্বাচনে। এক্ষেত্রে প্রথম দুই দল বিজেপির পক্ষে ভোট দিয়েছে।
এই তিন দল বাদে আর যারা এনডিএ বা ইন্ডিয়া কোনও পক্ষেই নেই, তারা হল বিএসপি, এআইএমআইএম, টিডিপি, শিরোমণি অকালি দল বাদল, শিরোমণি অকালি দল মান, এআইইউডিএফ, জনতাদল সেকুলার, আরএলপি।

লোকসভায় নয় সদস্য থাকা বিএসপি নেত্রী মায়াবতী কোনও জোটেই নেই। চারবার উত্তরপ্রদেশ শাসন করা এই দল ঘোষণা করেছে, আগামী বছরের লোকসভা নির্বাচন ছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে তারা অংশ নেবে।
আপাতত নিরপেক্ষ অবস্থান বজায় রেখে লোকসভা নির্বাচনে আসন ধরে রাখার পরিকল্পনা হিসেবে বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েক সম্প্রতি রাজ্যগুলিকে পর্যাপ্ত সাহায্য না করার অভিযোগ তুলে সংসদে দলীয় সাংসদদের সরব হতে নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications