উত্তরাখণ্ডের নৈনিতালে নদীতে তলিয়ে গেল গাড়ি, ৯ পর্যটকের মৃত্যু
উত্তরাখণ্ডের নৈনিতালে নদীতে তলিয়ে গেল গাড়ি, ৯ পর্যটকের মৃত্যু
ফের উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে পড়লেন পর্যটকরা। উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় রামনগরে একটি গাড়ি ধেলওয়া নদীতে পড়ে গেলে নয় জনের মৃত্যু হয়েছে। এরিটিগা গাড়িটিতে মোট ১১ জন ছিলেন। এক শিশু সহ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোক প্রকাশ করেছেন।

নিহত পর্যটকরা পঞ্জাবের বাসিন্দা
উত্তরাখণ্ড পুলিশ সূত্রের খবর দুর্ঘটনাটি রামগরের করবেট জাতীয় উদ্যানের কাছে ধেলওয়া জোনে হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যে উত্তরাখণ্ডের পুলিশের পাশাপাশি রাজ্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা, দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়েছে। নিহতরা সকলেই পঞ্জাবের বাসিন্দারা। তাঁরা উত্তরাখণ্ড ঘুরতে এসেছিলেন বলে জানা যাচ্ছে। কুমাওন রেঞ্জের আইজি নীলেশ আনন্দ ভার্নি জানিয়েছেন, মৃতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তাকে রামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেন দুর্ঘটনার মুখে পড়লেন পর্যটকরা
উত্তরাখণ্ডে ঘুরতে এসেছিলেন পঞ্জাবের বাসিন্দারা। তাঁরা রামনগরের একটি হোটেলে উঠেছিলেন। শুক্রবার পর্যটকরা ভোর পাঁচটার সময় বের হন। বৃহস্পতিবার রাত থেকেই উত্তরাখণ্ডে মুসুলধারে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির জলে ড্রেনগুলো তলিয়ে যায়, ধেলওয়া সেতুর ওপর দিয়ে জল বইতে থাকে। আরটিগার চালক গাড়ি নিয়ে সেতু পার হওয়ার সিদ্ধান্ত নেন। চালকের এই সিদ্ধান্ত পর্যটকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। গাড়িটি নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে একটি পাথরে আটকে যায়। গাড়িতেই নয় পর্যটকের মৃত্যু হয়েছে। এক শিশুকে উদ্ধার করা সম্ভব হয়ছে। বর্তমানে তার রামনগর হাসপাতালে চিকিৎসা চলছে।

উদ্ধার অভিযানে বিপর্যয় মোকাবিলা বাহিনী
স্থানীয় বাসিন্দারা জানান, গাড়িটিকে তাঁরা থামানোর চেষ্টা করেন। কিন্তু খুব দ্রুত গতিতে গাড়ির চালক নদীটি পার হওয়ার চেষ্টা করেন। সেতুর ওপর দিয়ে প্রবল স্রোতে তখন নদীর জল বইছিল। যার জেরে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রথমে গাড়িটিকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তিন ঘণ্টার চেষ্টার পরেও গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপরে গাড়ির দরজা কেটে পর্যটকদের উদ্ধারের চেষ্টা করা হয়। নয় জন পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে উত্তরাখণ্ডের পুলিশ সূত্রের খবর।

শোক প্রকাশ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী টুইট করে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। পুষ্র সিং ধামি লিখেছেন, 'রামনগরে ধেলওয়া নদীতে পড়ে একটি গাড়ি ভেসে যাওয়ার কারণে নয় পর্যটকের মৃত্যু হয়েছে। ঈশ্বরের কাছে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের আমি সমবেদনা জানাচ্ছি।'












Click it and Unblock the Notifications