স্বস্তিতে বাংলা, দেশজুড়ে ওমিক্রনে আক্রান্ত ৭০ জন, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
স্বস্তিতে বাংলা, দেশজুড়ে ওমিক্রনে আক্রান্ত ৭০ জন, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
দেশজুড়ে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে ক্রমশঃ চিন্তা ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা দেশের কোভিড পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন। যেখানে তিনি জানান যে দেশের বিভিন্ন প্রান্তে ৭০ জন কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন যে কোভিড–১৯ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য সব কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে পর্যালোচনা করা হয় এই বৈঠকে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মকর্তারা এই বৈঠকে যোগ দিয়েছিলেন। মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্ব বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড–১৯ পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক করেন, যেখানে কোভিড–১৯ মোকাবিলা করার জন্য সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর প্রস্তুতিও পর্যালোচনা করা হয়েছিল।’
বুধবার পর্যন্ত দেশে ৬৮ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার রিপোর্ট জানা গিয়েছে। তেলেঙ্গনায় বুধবার একটি ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও, বাংলায় এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টের কোনও কেস নেই। অন্যদিকে মহারাষ্ট্রে আরও চারজনের শরীরে এই নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মোট ৩২ জনের শরীরে ওমিক্রন পাওয়া গিয়েছে। এরপরই রয়েছে রাজস্থান, ১৭টি কেস। নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কেরল (১), কর্নাটক (৩), গুজরাত (৪), তেলেঙ্গনা (২) অন্ধ্রপ্রদেশে (১), তামিলনাড়ু (১) ও কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি (১) ও চণ্ডীগড়ও (১)।
দেশের বিভিন্ন বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ওমিক্রন নিয়ে বাড়তি উদ্বেগ না হয়ে যথাযথ কোভিড–১৯ আচরণ পালন করা হোক। মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায়, বারে বারে হাত ধোওয়া সবই চালিয়ে যেতে হবে। এছাড়াও এখনও যাঁরা করোনার টিকা নেননি, তাঁদের দ্রুত টিকা নেওয়ার কথাও বলা হয়েছে। তাই উদ্বিগ্ন না হয়ে, সতর্ক থাকাই শ্রেয়।
বৃহস্পতিবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৯৭৪ জন, এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ,৪৭,১১৮,৬০২। অন্যদিকে সক্রিয় করোনা কেস হ্রাস পেয়ে ৮৭,২৪৫–এ পৌঁছেছে। এদিন করোনায় মৃত্যু হয়েছে ৩৪৩ জনের এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৭৬,৪৭৮–এ।












Click it and Unblock the Notifications