অমৃত ভারত প্রকল্পের আওতায় সাজছে রেল স্টেশন, উত্তর-পূর্বাঞ্চলের ৬০টি স্টেশন ধরা দেবে নতুন রূপে
অমৃত ভারত স্টেশন প্রকল্পের (ABSS) অধীনে উত্তর-পূর্ব ভারতের ৬০টি রেল স্টেশনের পুনর্নির্মাণের কাজ চলছে, যার মধ্যে শুধুমাত্র আসামেরই ৫০টি স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ একমাত্র আসামের স্টেশনগুলিকেই ঢেলে সাজানো হচ্ছে রেলের পক্ষ থেকে।
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (NFR) সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা এই প্রসঙ্গে জানিয়েছেন, স্টেশনগুলোর আধুনিকীকরণ ও উন্নয়ন চলছে, যেখানে লিফট, এসকেলেটর, অ্যাপ্রোচ রোড, প্রবেশ ও প্রস্থান চিহ্ন, পার্কিং সুবিধা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য সুবিধা সংযোজন করা হচ্ছে।

NFR-এর জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সম্প্রতি নারেঙ্গি, জাগিরোড, চাপারমুখ ও হাইবরগাঁও স্টেশন পরিদর্শন করেছেন এবং প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এই স্টেশনগুলোর পুনর্গঠনে বিশাল বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে NFR-এর পক্ষ থেকে।
কোন স্টেশনের জন্যে কত টাকা বরাদ্দ হয়েছে?
নারেঙ্গি: ₹৩০.৯৫ কোটি
জাগিরোড: ₹৩১.১৮ কোটি
চাপারমুখ: ₹৩১.৮৭ কোটি
হাইবরগাঁও: ₹১৪.৯৪ কোটি
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আওতাধীন মোট ৯২টি স্টেশন পুনর্নির্মাণের জন্য নির্ধারিত রয়েছে।
উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য -
১) স্টেশনগুলোকে আধুনিক ও উন্নত যাত্রী-সুবিধাসম্পন্ন কেন্দ্রে রূপান্তর করা
২) উন্নত ওয়েটিং হল, ভালো আলোকসজ্জা, পরিষ্কার টয়লেট ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করা
৩) ভারতীয় রেলওয়েকে বিশ্বমানের পরিবহন পরিষেবায় রূপান্তর করা
গুয়াহাটি স্টেশন হবে বিশ্বমানের আইটি হাব -
এছাড়াও, রেল মন্ত্রণালয় গুয়াহাটি রেলওয়ে স্টেশনকে একটি আইটি হাব ও বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে। যেখানে উন্নতমানের যাবতীয় সুবিধা উপলব্ধ থাকবে। কিছু বিমানবন্দরের ধাঁচে তৈরি হবে এই আইটি হাব।
এই প্রসঙ্গে কপিঞ্জল কিশোর শর্মা বলেন, "কেন্দ্রীয় রেলমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে গুয়াহাটি স্টেশনে বহুতল ভবনে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ একটি আইটি সেক্টর তৈরি করা হবে। আমরা দ্রুত নকশার কাজ সম্পন্ন করে নির্মাণ শুরু করব"। এই উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications