মুম্বইয়ের উপর করোনার চোখ রাঙানি! ক্রমেই পরিস্থিতির অবনতি ধারাভিতে
ধারাভিতে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। আর এর জেরে মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এমনিতেই করোনা সংক্রমণে জর্জরিত মুম্বই সহ গোটা মারাঠাভূমি। তার মধ্যে ধারাভিতে যেই হারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে চিন্তায় ডুবেছেন বিশেষজ্ঞরা।

মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ২৩০০ জন
মহারাষ্ট্রে প্রায় ২ হাজার ৩০০ জন করোনা ভাইরাসে সংক্রমিত। সেই পরিস্থিতিতে লকডাউন অন্তত ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্র। এর আগে পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রের কাছে এই লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছিল মহারাষ্ট্র সরকার। সেই মতো এদিন লকডাউন বাড়ানোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী।

মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা
মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে বাণিজ্যনগরীতেই। সেখানে ১৫০০-র বেশি জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের।

মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্কের কারণ এখন ধারাভি
এছাড়া মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্কের কারণ এখন ধারাভিতে করোনার সংক্রমণ। ধীরে ধীরে এবার করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে। এর জেরে সেখানে মোট ৫৫ জন এখনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মারা গিয়েছে ৭ জন। নতুন করে সেখানে সংক্রমিত হয়েছেন ৬ জন। এই পরিস্থিতিতে ১০ লক্ষের বাসস্থান এই বস্তিতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং তা হলে মুম্বই তো বটেই, গোটা দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের।

ধারাভিতে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে
সূত্রের খবর, ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় ওই অঞ্চলে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই বস্তি এলাকার পুরোটাই "সিল" করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা ওই বস্তিতে গা ঘেঁষাঘেঁষি করে থাকেন কমপক্ষে ১০ লক্ষ মানুষ, ফলে দ্রুত হারে ছড়াতে পারে সংক্রমণ।












Click it and Unblock the Notifications