পুনেতে আক্রান্ত ৫৬৪ জন, মৃত ২৭, করোনার পর সরকারের চিন্তা বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে
পুনেতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৫৬৪ জন
গুজরাতের পর মহারাষ্ট্রেও বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউর্কোমাইকোসিসের প্রকোপ। এ রাজ্যের পুনেতে কমপক্ষে ৫৬৪ জন মানুষের ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা চলছে এবং এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। মিউর্কোমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস খুবই গুরুতর একটি রোগ যা একাধিক কোভিড রোগীর সুস্থ হওয়ার পর দেখা যায়। মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যেও এই সংক্রমণ দেখা দিয়েছে।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, মিউর্কোমাইকোসিসের সন্দেহজনক কেসের সন্ধানে পুনে জেলা প্রশাসন গ্রামীণ এলাকার কোভিডে সুস্থ হওয়া রোগীদের স্ক্রিনিং করছেন, যাতে তাদের সময়মতো প্রয়োজনীয় ওষুধ দেওয়া যায় এবং পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করা যায়। জেলা প্রশাসনের থেকে পাওযা তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতাল সহ ৪৩টি হাসপাতালে ৫৯১ টি মিউর্কোমাইকোসিসের কেস সনাক্ত হয়েছে। অতিরিক্ত জেলা শাসক বিজয়সিন দেশমুখ বলেন, '৫৯১টি কেসের মধ্যে পুনে জেলায় একা ৪৯৯টি সংক্রমণ ধরা পড়েছে, বাকি কেসগুলি অন্যান্য জেলার যাঁরা এখানে চিকিৎসার জন্য এসেছিলেন।’
তিনি এও জানিয়েছেন যে ৫৬৪ জন রোগীর চিকিৎসা চলছে এবং বাকিরা সুস্থ হয়ে উঠেছেন। তবে এই জেলায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১৯৮টি মিউর্কোমাইকোসিসের রোগীর চিকিৎসা চলছে সাসন জেনারেল হাসপাতালে। অন্যদিকে দীনানাথ মঙ্গেশকর হাসপাতাল, রুবি হল ক্লিনিক, যশবন্ত রাও ছবন মেমোরিয়াল হাসপাতাল ও নোবেল হাসপাতালে যথাক্রমে ৭১,৪২,৪০ ও ৩৬ জন ব্ল্যাক ফাঙ্গাস রোগীর চিকিৎসা চলছে। জেলা প্রশাসনের থেকে পাওয়া তথ্য অনুসারে, কমপক্ষে ১৯৫ জন রোগী ১৮ থেকে ৪৫ বছর বয়সী এবং ২৪7 জন ৪৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ছিলেন। ৬০ বছরেরও বেশি বয়সী বেশ কয়েকজন রোগী ছিলেন বলে জানা গিয়েছে। তিনি এও জানিয়েছেন ৩৫১টি কেসের ক্ষেত্রে সংক্রমণে আক্রান্ত রোগীদের স্টেরয়েড থেরাপি দেওয়া হয়েছিল। এছাড়াও, ৩৮৩ জন রোগী ডায়াবেটিস, ১০৫ জন ইমিউনো–কম্প্রোমাইসজড এবং ৬৯ জনের একাধিক রোগ ছিল বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications