৫৫ বছর বয়সী রেখা জন্ম দিলেন ১৭তম সন্তানের, নোংরা কুড়িয়ে চলে সংসার
উদয়পুরে ৫৫ বছর বয়সী রেখা গালবেলিয়া তাঁর ১৭তম সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনা জানাজানির পর আলোড়ন পড়ে গিয়েছে। এর আগে তিনি ১৬টি সন্তানের জন্ম দিয়েছেন। তার মধ্যে চার ছেলে ও এক মেয়ে জন্মের পরপরই মারা গিয়েছিল। রেখার জীবিত সন্তানদের মধ্যে পাঁচজন বিবাহিত এবং তাঁদেরও সন্তান রয়েছে।
রেখার মেয়ে শীলা তাঁদের পারিবারিক সংগ্রামের কথা তুলে বলেছেন। তিনি জানান, "আমাদের অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। আমাদের মায়ের এতগুলো সন্তান জেনে সবাই বিস্মিত।"

রেখার স্বামী কাভরা তাঁদের আর্থিক দুরবস্থার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, তাঁদের নিজস্ব কোনও বাড়ি নেই এবং সংসার চালাতে হিমশিম খেতে হয়। কাভরা বলেন, "সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি মহাজনদের কাছ থেকে ২০ শতাংশ সুদে টাকা ধার করেছি। লাখ লাখ টাকা পরিশোধ করলেও ঋণের সুদ এখনও সম্পূর্ণ শোধ হয়নি।"
কার্যত কাগজ ও ভাঙা জিনিস কুড়িয়ে জীবিকা নির্বাহ করা এই পরিবার তাদের সন্তানদের শিক্ষা দিতেও পারেনি। কাভরা আরও যোগ করেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি বাড়ি বরাদ্দ হলেও, জমির দলিল আমাদের নামে না থাকায় আমরা গৃহহীন রয়েছি। খাবার, বিয়ে বা শিক্ষার জন্য আমাদের পর্যাপ্ত সংস্থান নেই। এই সমস্যাগুলো প্রতিদিন আমাদের কষ্ট দেয়।"
স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোশন দারঙ্গি জানান, রেখাকে ভর্তির সময় পরিবার তাঁর চিকিৎসার ইতিহাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছিল। তিনি বলেন, "যখন রেখাকে ভর্তি করা হয়, পরিবার আমাদের জানায় এটি তাঁর চতুর্থ সন্তান। পরে জানা যায়, এটি তাঁর ১৭তম সন্তান।"












Click it and Unblock the Notifications