মুম্বইয়ে বহুতলে ভেঙে মৃত ১৫ , অনেকের চাপা পড়ার আশঙ্কা
মুম্বইয়ে ভেঙে পড়ল বহুতল, কমপক্ষে ৩৫ জনের চাপা পড়ার আশঙ্কা, উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ ও দমকল।
দুদিনের বৃষ্টির জেরে মুম্বইয়ে ভেঙে পড়ল একটি বহুতল। বৃহস্পতিবার সকালে জে জে জাংশন এলাকায় বাড়িটি ভেঙে পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপে এখনও কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ও দমকল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চালাতে গিয়ে ২ দমকলকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

মুম্বইয়ের পাকমোডিয়া স্ট্রিটে ৭০ বছরের পুরনো এই বাড়িটিতে ১০ পরিবার থাকত বলে জানা গিয়েছে। কীভাবে বাড়িটি ভেঙে পড়ল তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে গত দুদিনের ভারী বৃষ্টির ফলেই পুরনো এই বাড়িটি ধসে পড়েছে। এই বাড়িটি বৃহন্মুম্বই পুরসভার বিপজ্জনক বাড়ির তালিকায় ছিল কিনা তা জানার চেষ্টা হচ্ছে। তবে বিজেপি নেত্রী শাইনা এনসি জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগেই এই বহতলটি পরীক্ষা করে জানিয়েছেন তিনি। কীভাবে বাড়িটিকে বাসযোগ্য বলে ছাড়পত্র দেওয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শাইনা। এদিকে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।

গত সপ্তাহেই মুম্বই শহরতলির সাকিনাকা এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। তাতে একজনের মৃত্যু হয়। পুরসভা যখন বহুতলটি ভাঙা হচ্ছিল তখনই তা একাংশ ধসে পড়ে। গত সোম ও মঙ্গলবার টানা বর্ষণে প্লাবিত হয়েছিল গোটা মুম্বই। তাতেই পুরনো বাড়িগুলির ভিত ও দেওয়াল দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications