ভয়ঙ্কর বৃষ্টিতে দুর্যোগের কবলে ভগবানের আপন দেশ! ভেসে যাচ্ছে বাস-গাড়ি, খোঁজ পাওয়া যাচ্ছে না বহু মানুষের
সতর্কতা জারি হয়েছিল আগেই। তবে বৃষ্টিপাত যে এমন দুর্যোগের চেহারা নেবে, তা বোধ হয় অনুমান করেননি কেরলবাসী। শনিবার সন্ধে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রবল বৃষ্টিপাতে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। ধস নামায় ব্যাপক বিপজ্জনক পরিস্থি
সতর্কতা জারি হয়েছিল আগেই। তবে বৃষ্টিপাত যে এমন দুর্যোগের চেহারা নেবে, তা বোধ হয় অনুমান করেননি কেরলবাসী। শনিবার সন্ধে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রবল বৃষ্টিপাতে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। ধস নামায় ব্যাপক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে কেরলের কোট্টায়াম ও ইদ্দুকিতে।
আগেই কেরলের ছয় জেলায় লাল সতর্কতা ও ছয় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই দুর্যোগের ছবি। ভগবানের দেশে সেই ছবি দেখে শিউরে উঠছেন অনেকেই।

জলমগ্ন রাস্তায় যাত্রীসহ আটকে পড়েছে বাস
একটি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, জলমগ্ন রাস্তায় যাত্রীসহ আটকে পড়েছে বাস। অনেক জায়গায় আটকে পড়েছে গাড়িও। কেরলের রাজ্য সরকারের অনুরোধে পরিস্থিতি সামাল দিতে নেমেছে সেনাবাহিনী ও বায়ুসেনা। হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। সাদার্ন এয়ার কমান্ডের সবকটি বেসে অ্যালার্ট জারি করা হয়েছে। জলমগ্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। ৩০ জন সেনার একটি দল রওনা হয়েছে কোট্টায়াম জেলার কাঞ্জিরাপ্পালিনের দিকে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম।

পিনারাই বিজয়ন জরুরি বৈঠক ডেকেছেন
অপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে কোট্টায়ামের প্রত্যন্ত অঞ্চলে একটি গাড়ি বেশ কয়েকজন মিলে ঠেলে বের করার চেষ্টা করছে। প্রায় হাঁটু জলে আটকে রয়েছে পড়েছিল সেই গাড়ি। ওই এলাকার ১২ জনের কোনও খোঁজ নেই। দড়ি দিয়ে গাড়ি টেনে বের করতেও দেখা গিয়েছে। কেরলের একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। শনিবার সকাল থেকেই ওই সব জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জরুরি বৈঠক ডেকেছেন। শনিবার সন্ধেয় বসছে সেই বৈঠক।

কমলা সতর্কতা জারি করা হয়েছে
পাহাড়ি এলাকায় রাতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেরলের পাঁচ জেলা পাঠানামথিত্তা, কোট্টায়াম, এরনাকুলম, ইদুক্কি ও ত্রিশূরে প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এ ছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড়ে। এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলাতে লাল সতর্কতাও জারি করা হয়েছে।

সবরকমের ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ
পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্বে থাকা রাজস্ব মন্ত্রী কে রাজন ডিস্ট্রিক্ট কন্ট্রোলারদের নিয়ে এ দিন বৈঠক করেছেন। পরিস্থিতি মোকাবিলায় সবরকমের ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে বৃষ্টি বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণ শিবির চালু করা হয়েছে। নীচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার আবেদন করা হয়েছে প্রশাসনের তরফে।
ইতিমধ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি বিভাগের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় পুলিশ[-প্রশাসনকে সতক থাকার কথা বলা হয়েছে। ইতিমধ্যে বিপজয় মোকাবিলা বাহিনীকেও তৈরি রাখা হয়েছে। বৃষ্টিপাত কমলেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications