Karnataka Election: ৭০ শতাংশ ভোট পড়ল কর্নাটকে! ইভিএম বন্দি প্রায় ৫ কোটি মানুষের রায়
Karnataka Election: ২২৪টি বিধানসভা আসনে কর্নাটক নির্বাচন শেষ! গত একমাস ধরে এই নির্বাচন ঘিরে একেবারে টানটান উত্তেজনা ছিল। আজ ১০ মে সে রাজ্যের প্রায় ৫ কোটি মানুষ ইভিএম বন্দি করলেন শাসক-বিরোধী দলের প্রার্থীদের ভাগ্য।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত 65.69 শতাংশ ভোট পড়েছে কর্নাটকে। যদিও কমিশন সূত্রে খবর, প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। যদিও এর আগে বিকেল ৩টা পর্যন্ত ৫২.০৩ শতাংশ এবং দুপুর ১টা পর্যন্ত ৩৭.২৫ শতাংশ ভোট পড়েছে সে রাজ্যে। যদিও গত নির্বাচনে ৭২ শতাংশ ভোট পড়েছিল।

কর্নাটক নির্বাচনে সকাল থেকে একাধিক হেভিওয়েট প্রার্থীর দিকে নজর ছিল। বিএস ইয়েদুরাপ্পা থেকে শুরু করে সিদ্ধিরামাইয়া! একাধিক প্রার্থীর উপর নজর রয়েছে। শুধু নেতারাই নয়, একাধিক অভিনেতাও এদিন সকাল সকাল ভোট দেন। বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে কর্নাটক নির্বাচন।
কার্যত উৎসবের মেজাজে সে রাজ্যে ভোট হয়েছে। বড়সড় কোনও ঘটনার খবর সামনে আসেনি। যদিও সকাল থেকে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সে রাজ্য। তবে কর্নাটকে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপিও, কংগ্রেস এবং জেডিএসের মধ্যে। বিজেপি উন্নয়নের মডেলে ক্ষমতায় ফিরতে বদ্ধপরিকর!

অন্যদিকে কংগ্রেস এবং জেডিএস বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার করেছে। বেকারত্ব, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কার্যত ঝড় তুলেছেন রাহুল-কুমারস্বামীরা। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ১৩ মে। বলে রাখা প্রয়োজন, ১৯৮৫ সাল থেকে কর্ণাটকে কোনও দলের সরকারের পুনরাবৃত্তি হয়নি।

এই অবস্থায় ইতিহাস তৈরি করতে পারবে বিজেপি। নাকি শেষ হাসি হাসবে কংগ্রেস। তা জানতে সবার নজর শনিবার অর্থাৎ ১৩ মে'র দিকে।












Click it and Unblock the Notifications