পহেলগাঁও হামলার জের, বন্ধ হয়ে গেল ভূ-স্বর্গ কাশ্মীরের ৪৮টি পর্যটন স্থল, তালিকায় রয়েছে বহু নামকরা জায়গা
পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই বড়সড় সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। জঙ্গি হানার আশঙ্কায় রাজ্যের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পহেলগাঁওয়ের মতো আরও কয়েকটি জনপ্রিয় স্থানে সন্ত্রাসবাদীদের বড়সড় হামলার পরিকল্পনা রয়েছে।
গত মঙ্গলবার পহেলগাঁওয়ের এক রিসর্টে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা, যাতে ২৬ জন বেসামরিক পর্যটক প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের মতে, সেনাবাহিনীর পোশাক পরিহিত জঙ্গিরা ধর্মীয় পরিচয় যাচাই করে বেছে বেছে হামলা চালায়। ঘটনায় প্রায় ৪০ রাউন্ড গুলি চলে।

গোয়েন্দারা জানাচ্ছেন, পহেলগাঁও হামলার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জঙ্গি সংগঠনের স্লিপার সেলগুলি আবারও সক্রিয় হয়ে উঠেছে। ফোনে আড়ি পেতে পাওয়া তথ্যে জানা গেছে, তাদের আরও বড় মাপের হামলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, পর্যটকদের লক্ষ্য করেই এই হামলা চালানোর ছক কষছে জঙ্গিরা।
এই হুমকির প্রেক্ষিতে কাশ্মীর পুলিশের তরফে 'অ্যান্টি-ফিদায়েঁ স্কোয়াড' মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পর্যটনস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর এরই সাথে পর্যটক নিষিদ্ধ করা হয়েছে ৪৮টি পর্যটন স্থলে।
এবার একনজরে দেখে নিন কোন কোন স্থান বন্ধ করা হয়েছে এই কারণে -
- বান্দিপোরা - গুরেজ ভ্যালি
- বদগাম - ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি
- কুলগাম - আহরবাল, কৌসারনাগ
- কুপওয়ারা - বাঙ্গুস, কারিওয়ান ডুবুরি, চন্ডিগাম
- হান্ডওয়ারা - বাঙ্গুস ভ্যালি
- সোপোর - উলার/ওয়াটল্যাব, রামপোরা এবং রাজপোরা, চেয়ারহার, মুন্ডিজ-হামাম-মারকুট জলপ্রপাত, খাম্পু, বসনিয়া, ভিজিটপ
- অনন্তনাগ - খেরিবল সূর্য মন্দির, ভেরিনাগ গার্ডেন, সিন্থান টপ, মার্গানটপ, আকাদ পার্ক
- বারামুল্লা - হাব্বা খাতুন পয়েন্ট কাওনার, বাবারেশি টাংমার্গ, রিঙ্গাওয়ালি টাংমার্গ, গোগলদারা টাংমার্গ, বদরকোট টাংমার্গ, শ্রাঞ্জ জলপ্রপাত, কামানপোস্ট উরি, নাম্বলান জলপ্রপাত, ইকো পার্ক খাদনিয়ার
- পুলওয়ামা - সাঙ্গারওয়ানি
- গান্ডারবাল - লাচপাত্রি, হাং পার্ক, নারানাগ
শুধু জম্মু-কাশ্মীর নয়, এর প্রভাব পড়েছে শ্রীনগরেও। সেখানকার বহু পর্যটন স্থল, এমনকি হোটেল-রেস্তোঁরাও আপাতত বন্ধ করা হয়েছে যেকোনও রকম বড় বিপদ এড়াতে।
শ্রীনগর
- জামিয়া মসজিদ
- বাদামওয়ারী
- রাজোরি কদল হোটেল, কনৌজ
- আলি কদল জেজে ফুড রেস্তোরাঁ
- আইভরি হোটেল গ্যান্ডটাল (থিড)
- পদশাপাল রিসোর্টস অ্যান্ড রেস্তোরাঁ (ফকির গুজরি)
- চেরি ট্রি রিসোর্ট (ফকির গুজরী)
- নর্থ ক্লিফ ক্যাফে অ্যান্ড রিট্রিট (আস্তানমার্গ প্যারাগ্লাইডিং পয়েন্ট)
- ফরেস্ট হিল কটেজ (আস্তান মহল্লা, দারা)
- ইকো ভিলেজ রিসোর্ট (দারা)
- আস্তানমার্গ ভিউ পয়েন্ট
- আস্তানমার্গ প্যারাগ্লাইডিং স্পট
- মামনেথ ও মহাদেব পাহাড় (ফকির গুজরি হয়ে)
- বৌদ্ধ মঠ, হারওয়ান
দাচিগাম- বিয়ন্ড ট্রাউট ফার্ম/ফিশারিজ ফার্ম
- আস্তানপোরা (বিশেষ করে কেয়াম গাহ রিসোর্ট)
কাশ্মীরের পর্যটনশিল্প এই হামলার পর এক গুরুতর সংকটে পড়েছে। হামলার মাত্র এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার পর্যটনকেন্দ্র বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা ওই অঞ্চলের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যা তাঁদের জীবনযাপনেও প্রভাব ফেলবে।












Click it and Unblock the Notifications